হুথিদের বিরুদ্ধে ১ লাখ সেনা নিয়ে অভিযানের প্রস্তুতি সৌদির

হুথিদের বিরুদ্ধে ১ লাখ সেনা নিয়ে অভিযানের প্রস্তুতি সৌদির
ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছ থেকে বাব আল-মানদাব প্রণালি ও ইয়েমেনের লোহিত সাগর উপকূল পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী ১ লাখের বেশি ইয়েমেনি যোদ্ধাকে এ অভিযানে মোতায়েন করা হতে পারে।

রয়টার্সের তথ্যমতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই অভিযান শুরু হতে পারে। এতে নেতৃত্ব দেবে ইয়েমেনি বাহিনী এবং বিমান হামলার মাধ্যমে এতে সহায়তা করবে সৌদি ।

বিজ্ঞাপন

হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রা ঠেকিয়ে বাব আল-মানদাবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করাই অভিযানের তাৎক্ষণিক লক্ষ্য বলে জানা গেছে।

তবে সৌদির জন্য বড় চ্যালেঞ্জ হলো ইয়েমেনের সরকারপন্থি বাহিনীগুলোর মধ্যে ঐক্যের অভাব। এসব বাহিনী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট হলেও তাদের মধ্যে রাজনৈতিক ও আঞ্চলিক বিরোধ রয়েছে।

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে গোয়েন্দা তথ্য, সামরিক পরামর্শ ও লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে। তবে সরাসরি ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অংশ নেওয়ার অনুরোধ ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে বলে রয়টার্স জানিয়েছে।

পাকিস্তান ও তুরস্কও সৌদি আরবকে সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষামূলক সহায়তা দিচ্ছে। তবে পাকিস্তান এখন পর্যন্ত ইয়েমেনে সরাসরি যুদ্ধরত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে রিয়াদে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের লক্ষ্য আপাতত পুরো ইয়েমেন দখল নয়; বরং লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব নৌপথের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন