ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জনের মৃত্যু

ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জনের মৃত্যু

গাজায় ইসরাইলি হামলায় আজ ভোর থেকে শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা যান আটজন। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।

নুসেইরাত শরণার্থী শিবিরে সাহায্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি সেনাবাহিনী। এতে আটজন মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পশ্চিম গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি হামলায় একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হয়েছেন।

একই শহরের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কাছে একটি তাঁবুতে আরেকটি হামলায় শিশুসহ আরো চারজন নিহত হয়েছেন।

এছাড়া, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ সাবরা পাড়ায় একটি বাড়িতে গোলাবর্ষণ করেছে, এতে দুই শিশু নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে।

দক্ষিণ-পূর্ব গাজা শহরের জেইতুনে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় একই পরিবারের আরো চারজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় ভবনটিতে আগুন ধরে যায়।

ইসরায়েলি যুদ্ধবিমান শরণার্থী শিবিরের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে হামলা চালালে এক শিশুসহ আরো পাঁচজন নিহত এবং আরো অনেকে আহত হন।

খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি নারী এবং তার দুই শিশু মারা যায়।

এছাড়া খান ইউনিসের আল-মাওয়াসিতে একটি তাঁবু লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় ১২ জন আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন