তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের ইয়েসিলইউর্ত জেলায় সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জেলার সামানকয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘অজ্ঞাত কারণে মালাতিয়ায় আমাদের এস-৭০ মডেলের একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।’
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, জরুরি চিকিৎসা দল এবং তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় দুর্ঘটনাস্থলে সৃষ্ট ছোট একটি আগুন জরুরি সেবাকর্মীরা নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পুলিশ ও সামরিক কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।
হেলিকপ্টারটি কী ধরনের মিশনে নিয়োজিত ছিল কিংবা এতে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।
এস-৭০ হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান সিকোরস্কির তৈরি ব্ল্যাক হক পরিবারের সামরিক বহুমুখী হেলিকপ্টার। বিশ্বের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করে, যার মধ্যে তুরস্কও রয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



