ফেরি ডুবে ১০ ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরলেন রিজকি ও তার চার বন্ধু

ফেরি ডুবে ১০ ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরলেন রিজকি ও তার চার বন্ধু

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ভয়াবহ দুর্ঘটনার শিকার ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ ফেরির এক যাত্রী জানিয়েছেন, মাত্র ১০ মিনিটেরও কম সময়ে ফেরিটি উল্টে যায়। প্রবল ঢেউয়ের মধ্যে সাগরে ভেসে থাকার পর প্রায় ১০ ঘণ্টা অপেক্ষা করে উদ্ধার পান তিনি ও তার চার বন্ধু। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১২৯ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ২৩৪ জন ছিলেন।

ফেরিটির যাত্রী ও জাহাজের ওয়েটার হিসেবে কাজ করা রিজকি এপ্রিলিয়ানশাহ জানান, ১৩ সেপ্টেম্বর রাত ১টার দিকে তিনি ওপরের ডেকে ঘুমিয়ে ছিলেন। তার বন্ধুরা তাকে ঘুম থেকে তুলে লাইফ জ্যাকেট নিতে বলেন। তখনই তিনি দেখতে পান, জাহাজটি ইতোমধ্যে প্রায় ৩০ ডিগ্রি বাঁ দিকে কাত হয়ে গেছে।

বিজ্ঞাপন

রিজকির ভাষ্য, তিনি ও তার চার বন্ধু আতঙ্কিত হয়ে কক্ষ থেকে বেরিয়ে আসেন। এ সময় ৩ থেকে ৪ মিটার উচ্চতার ঢেউ বারবার ফেরিটিতে আঘাত করছিল এবং জাহাজটি আরো বেশি কাত হয়ে যাচ্ছিল। তার দাবি, কোনো অ্যালার্ম বাজানো হয়নি। ফলে অন্য যাত্রীরা আসন্ন বিপদ সম্পর্কে জানতে পারেননি বলে তিনি আশঙ্কা করেন।

রিজকি বলেন, কক্ষের দরজা দিয়ে বের হওয়ার পরই তিনি জাহাজের রেলিংয়ের ওপর পড়ে যান। বন্ধুদের আঁকড়ে ধরে থাকার চেষ্টা করলেও ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা সাগরে পড়ে যান এবং ডুবে যাওয়া ফেরি থেকে প্রায় ১৫ মিটার দূরে একটি ১২ কেজির ভাসমান গ্যাস সিলিন্ডার আঁকড়ে ধরে থাকেন।

তাদের চোখের সামনেই ফেরিটি উল্টে যায়। রিজকির ভাষায়, পুরো ঘটনাটি ঘটতে ১০ মিনিটেরও কম সময় লেগেছিল। এরপর তিনি ও তার বন্ধুরা প্রায় ১০ ঘণ্টা সাগরে ভেসে থাকেন। পরে একটি জাহাজ তাদের দেখতে পেয়ে উদ্ধার করে।

ফেরি কোম্পানি ভিরগো কারিয়া শিপিং অ্যালার্ম না বাজানোর অভিযোগের বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ওই সময় জাহাজে থাকা ক্রুদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই না করা পর্যন্ত তারা মন্তব্য করতে পারবে না।

ভিরগো ট্রান্সপোর্ট ৮ ইন্দোনেশিয়ার পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় ৫১০ কিলোমিটারের এই যাত্রায় সময় লাগার কথা ছিল প্রায় ২০ ঘণ্টা। ১২ সেপ্টেম্বর বিকেলে সুরাবায়া বন্দর ছাড়ার পর ১৩ সেপ্টেম্বর সকালে ফেরিটিকে নিখোঁজ ঘোষণা করা হয়। পরে বানজারমাসিন বন্দর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে উল্টে থাকা অবস্থায় ফেরিটির সন্ধান পাওয়া যায়।

রিজকি জানান, সুরাবায়া ছাড়ার পর থেকেই ফেরিটি প্রবল ঢেউয়ে দুলছিল। মাত্র তিন মাস ধরে তিনি ওই ফেরিতে কাজ করছিলেন। দুর্ঘটনার পর তিনি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত যে আর সমুদ্রে কাজ করতে চান না।

উদ্ধারের আগে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রিজকি জানান, তিনি তখন অসহায়, ক্লান্ত ও শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন এবং শেষ পর্যন্ত যা হওয়ার তা মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন