ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা

ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা

ইরানের ইস্পাহানে একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। প্রদেশটির গভর্নরের ডেপুটি সিকিউরিটি কর্মকর্তা আকবর সালেহি বলেছেন, শনিবার সকালে কয়েকটি স্থানে হামলা চালায় ইরান। যার মধ্যে একটি পারমাণবিক স্থাপনাও রয়েছে।

বিবিসি জানায়, পারমাণবিক স্থাপনায় হামলার পর ধোঁয়া দেখা গেছে। তবে কোনো ক্ষতিকর পদার্থের গ্যাস বা তরল নির্গমন ঘটেনি।

বিজ্ঞাপন

তবে সালেহির দাবি, ইস্পাহানের রিফাইনারি ইসরাইলি হামলার লক্ষ্য ছিল না।

তার মতে, ইস্পাহান, লাঞ্জান, মোবারাকে ও শাহরেজা শহরের কিছু এলাকায় আজ সকালে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

তার দাবি, এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ।

এর আগে, ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস বা আইআরজিসির ড্রোন কমান্ডার আমিপুর জুদাকি নিহত হয়েছেন বলে দাবি করে তেলআবিব। আইডিএফ শনিবার সকালে এক বিবৃতিতে জানায়, তাদের বিমানবাহিনীর হামলায় জুদাকি নিহত হন।

এদিকে, ইসরাইলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছে। শনিবার টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ২০ জনের আঘাত সামান্য।

প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলা থেকে বাঁচতে এরইমধ্যে দেশটির কমপক্ষে এককোটি মানুষ বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

গত ১৩ জুন ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয়। এর পর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরাইলে ২৪ জন নিহত হয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন