আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাফাহ সীমান্ত দিয়ে রোগীদের নেওয়া স্থগিত করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

রাফাহ সীমান্ত দিয়ে রোগীদের নেওয়া স্থগিত করেছে ইসরাইল

প্রায় ১৮ মাস পর ২ ফেব্রুয়ারি গাজার রাফা সীমান্ত খুলে দেয় ইসরাইল। প্রথম দিনে গাজা থেকে মাত্র পাঁচ মুমূর্ষু রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এখনো উন্নত চিকিৎসার আশায় সীমান্তের এপারে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছেন যুদ্ধাহত ও জটিল রোগে আক্রান্ত অনেক ফিলিস্তিনি। এ অবস্থার মধ্যেই বুধবার এই সীমান্ত দিয়ে রোগীদের মিশরে যাওয়া স্থগিত করেছে ইসরাইল। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র রায়েদ আল-নিমস আল জাজিরাকে এ কথা জানিয়েছেন। রায়েদ আল-নিমস জানান, মাত্র কয়েক মিনিট আগে ইসরাইল ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। ফলে অসুস্থ ও আগত ফিলিস্তিনিদের প্রাথমিক চিকিৎসায় রেড ক্রস সোসাইটি হাসপাতালে পাঠানো যায়নি। আহতদের অ্যাম্বুলেন্সে করে রাফাহ ক্রসিংয়ে স্থানান্তর করা হয়েছিল, যেখান থেকে তাদের মিশরের হাসপাতাল বা অন্য কোথাও পাঠানো হতো।

সোমবার পাঁচজন এবং মঙ্গলবার মাত্র ১৬ ফিলিস্তিনিকে মিশরে যাওয়ার অনুমতি দেন ইসরাইলি কর্মকর্তারা। ইসরাইলি কর্মকর্তারা বলেছিলেন, প্রতিদিন ৫০ ফিলিস্তিনিকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেবে তারা। যদিও এ সংখ্যা অনেক কম।

বিজ্ঞাপন

গাজা উপত্যকার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের একমাত্র প্রবেশদ্বার রাফাহ সীমান্ত। এই সীমান্ত দিয়ে মানুষের চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করে ইসরাইল।

যুদ্ধের সময় যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে গিয়েছিলেন, তাদের ফিরে আসার সময় ইসরাইলের কঠোর নিরাপত্তাব্যবস্থা পার করতে হয়েছে। ফিরে আসা ব্যক্তিরা জানিয়েছেন, তাদের চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসব ছাড়াও অনেকে যৌন হয়রানির শিকারও হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি রোগীকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার অপেক্ষা করা হচ্ছে। যার মধ্যে প্রায় ৪৪০ জন গুরুতর রোগী রয়েছেন, যাদের তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন।

তবে কেন কিছু ফিলিস্তিনিকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার ইসরাইলি হামলায় অন্তত ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে ৫৫৬ জন নিহত ও ১৫০০ জন আহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন