অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে উগ্রপন্থি গোষ্ঠী ও হাজার হাজার ইসরাইলি বসতি স্থাপনকারীর অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা আল-আকসা মসজিদের পবিত্র চত্বরে ‘চরমপন্থি ইসরাইলি মন্ত্রীদের নেতৃত্বে বসতি স্থাপনকারীদের ব্যাপক অনুপ্রবেশের’ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তা ও সুরক্ষার মধ্যেই ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থানে এ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।
পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ঘৃণা ও চরমপন্থাকে আরো উসকে দেয় এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।’
তারা আরো বলেন, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত বিদ্যমান অবস্থান পরিবর্তনের এটি একটি ‘অবৈধ প্রচেষ্টা’। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ‘অধিকৃত জেরুজালেম কিংবা সেখানকার মুসলাম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।’
ইহুদি ধর্মীয় শোক দিবস তিশা ব’আভ উপলক্ষে বৃহস্পতিবার চার হাজারের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী ও কট্টরপন্থি গোষ্ঠীর সদস্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। চলতি বছরে একে সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ সময় ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন।
ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, ইসরাইলি বাহিনী মসজিদের প্রবেশপথে কঠোর বিধিনিষেধ আরোপ করে, বিপুলসংখ্যক মুসল্লি ও শিক্ষার্থীকে প্রবেশে বাধা দেয় ও কয়েকজনকে মারধর করে।
১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে একতরফাভাবে এটি নিজেদের সঙ্গে যুক্ত (সংযুক্তিকরণ) করার ঘোষণা দেয়। তবে ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে বলা হয়য়, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখল আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ।
বর্তমান প্রচলিত ব্যবস্থাপনা অনুযায়ী, জর্ডানের নিয়োগপ্রাপ্ত সংস্থা জেরুজালেম ওয়াকফ আল-আকসা মসজিদের প্রশাসনিক দায়িত্ব পালন করে।
যৌথ বিবৃতিতে আরো বলা হয়, ‘অনুপ্রবেশে উসকানি, সমাবেশের আহ্বান এবং ইসরাইলি মন্ত্রী ও কট্টরপন্থি গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও বিদ্যমান ব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন।’
আট দেশ ইসরাইলকে ‘দখলদার শক্তি’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে আল-আকসা মসজিদে প্রবেশের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানায়।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


