গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড
ছবি: আলজাজিরা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ করে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির চেষ্টা করার দায়ে দুই চীনা নাগরিককে ৩০ মাস করে কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন ৪০ বছর বয়সী লিরেন ‘রায়ান’ লাই এবং ৩৯ বছর বয়সী ইউয়ানসে চেন। শুক্রবার মার্কিন বিচার বিভাগের (ডিওজে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কারাভোগ শেষে তাদের তিন বছর নজরদারির আওতায় থাকতে হবে।

বিজ্ঞাপন

আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের আগে থেকেই চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন তারা । মার্কিন জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য সংগ্রহের বিনিময়ে সামরিক সদস্যদের অর্থ দেওয়ার পরিকল্পনা করেন তারা।

২০২২ সালের মে মাসে গোপনে অর্থ লেনদেনের মাধ্যমে ১০ হাজার ডলার পৌঁছে দেন তারা। এ ধরনের লেনদেনকে ‘ডেড ড্রপ’ বলা হয়। পরে একই পদ্ধতিতে আরও ২০ হাজার ডলার লেনদেনের ব্যবস্থা করেন তারা।

এ ছাড়া একটি নৌঘাঁটি, সামরিক প্রশিক্ষণার্থী ও কর্মরত নৌসেনাদের ছবি সংগ্রহ করেন। মার্কিন নৌবাহিনীর এক কর্মীর ব্যক্তিগত তথ্য এবং সম্ভাব্য গোয়েন্দা লক্ষ্যবস্তু সামরিক কর্মকর্তাদের বিস্তারিত পরিচিতিও সংগ্রহ করেন চেন।

দুই ব্যক্তি বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার তথ্য মার্কিন অ্যাটর্নি জেনারেলকে না জানানোর অভিযোগে দুটি মামলায় দোষ স্বীকার করেন। ২০২৫ সালের জুনে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মার্কিন বিচার বিভাগের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ বলেন, তাঁদের কর্মকাণ্ড ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করা এবং চীনা গোয়েন্দা কার্যক্রমে সহায়তার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন