পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপনের প্রক্রিয়া বন্ধের আহ্বান জাতিসংঘের

পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপনের প্রক্রিয়া বন্ধের আহ্বান জাতিসংঘের

অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনে ইসরাইলের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্রের অফিস জানায়, জেরুজালেমসহ পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের অবৈধ বসতি স্থাপন দখলদারিত্বকে আরো শক্তিশালী করবে এবং এতে উত্তেজনা বাড়বে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, এই ধরনের পদক্ষেপ ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অংশ হিসাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুন্ন করবে।’

বিজ্ঞাপন

নতুন এই বসতি প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অঞ্চল বিভিক্ত হয়ে পড়বে। অবিলম্বে এই পরিকল্পনা থেকে সরে আসতে ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

বৃহস্পতিবার, ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জেরুজালেমের পূর্বে মা’আলে আদুমিমে তিন হাজার ৪০১টি বসতি ইউনিট এবং আশেপাশের এলাকায় আরো তিনি হাজার ৫১৫টি বসতি ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছেন। প্রকল্পটির লক্ষ্য পশ্চিম তীরকে দুটি ভাগে বিভক্ত করা, এর উত্তর ও দক্ষিণ শহরগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করা এবং পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করা।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপন অবৈধ।

এদিকে, অধিকৃত পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপনে ইসরাইলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে ইসরাইলের অপচেষ্টার নিন্দা জানায় ।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে ইসরাইলের পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং তাদের সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের লঙ্ঘন।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন