পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে ভারতীয় মদতপুষ্ট সাত সন্ত্রাসী । অভিযান চালাতে গিয়ে এক সেনা কর্মকর্তাও নিহত হন।
এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিতনা আল খারিজিদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার হাঙ্গুতে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী । অভিযান চলাকালে কার্যকরভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করেন সেনারা ।
বিবৃতিতে বলা হয়, ‘অভিযানের একপর্যায়ে খারিজিরা একটি মসজিদের ভেতরে আশ্রয় নেয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে সাত সন্ত্রাসী নিহত হয়।’
এতে আরো বলা হয়, গোলাগুলির সময় পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা ২৭ বছর বয়সি ক্যাপ্টেন হামজা আকরাম নিহত হন।
বিবৃতিতে জানানো হয়, ‘নিহত খারিজিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এরা নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল।’
আইএসপিআর জানায়, ওই এলাকায় ভারত সমর্থিত সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি ‘স্যানিটাইজেশন অপারেশন’ চালানো হচ্ছে।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


