গাজা যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ইসরাইলের বিরদ্ধে সমালোচনা বাড়ছে। এমন অবস্থায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করলেন, আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে ইসরাইল। এ পরিস্থিতি বছরের পর বছর ধরে চলতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। খবর সিএনএনের।
ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ একঘরে হয়ে পড়ায় এখন তাদের নিজের পায়ে দাঁড়ানো ছাড়া আরো কোনো উপায় নেই। তিনি বলেন, ‘এটি এমন একটি শব্দ যা আমি ঘৃণা করি। আমিই প্রথম ইসরাইলে মুক্ত বাজার বিপ্লব এনেছিলাম।’
নেতানিয়াহু বলেন, ইসরাইলকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে।
তিনি বলেন, তাদের বিচ্ছিন্নতার মুখে পড়া একটি গুরুত্বপূর্ণ খাত হলো অস্ত্র ব্যবসা। নেতানিয়াহু বলেন, ‘আমাদের অস্ত্র শিল্পের বিকাশ করতে হবে- আমরা এথেন্স এবং সুপার স্পার্টার মতো হতে যাচ্ছি। আমাদের কাছে কোনো বিকল্প নেই, আগামী বছরগুলোতেও একই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’
গাজায় সামরিক অভিযান তীব্রতর করায় ইসরাইল যে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছে, নেতানিয়াহুর এই বক্তব্য তার একটি বিরল স্বীকৃতি।
গাজা যুদ্ধের কারণে ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, স্পেন, ইতালি এবং অন্যান্য দেশ ইসরাইলের বিরুদ্ধে আংশিক বা সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ইসরাইল বেশিরভাগ অস্ত্র আমদানি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র এ ধরনের বিধিনিষেধ আরোপ করেনি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



