জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের নির্মূল করার লক্ষ্যে ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরাইল। আর এতে উষ্কানি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। খবর আল জাজিরার।
জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশনের ৭২ পৃষ্ঠার প্রতিবেদনিটি প্রকাশিত হয় আজ মঙ্গলবার।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী পাঁচটি গণহত্যামূলক কাজের মধ্যে চারটিই করেছে ইসরাইল।
তদন্ত প্রতিবেদন অনুসারে এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, ফিলিস্তিনিদের হত্যা, ফিলিস্তিনিদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং প্রজনন রোধ করা।
প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী বেসামরিক নাগরিকদের বাড়িঘর, আশ্রয়কেন্দ্র এবং নিরাপদ অঞ্চলে বোমা হামলা চালিয়েছে। নিহতদের অর্ধেকেরও বেশি নারী, শিশু এবং বয়স্ক মানুষ।
এতে আরো বলা হয়েছে যে ফিলিস্তিনিরা নির্যাতন, যৌন সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং সাংস্কৃতিক নির্মূলের শিকার হয়েছে। ইসরাইল গাজায় অবরোধ আরোপ করেছে, খাদ্য, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসা সহায়তা বন্ধ করে দিয়েছে এবং ফিলিস্তিনিদের অনাহারে রেখেছে। ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য মতো পরিস্থিতি তৈরি করেছে।
জাতিসংঘের এ প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিবেদনটি বিকৃত ও মিথ্যা।
জেনেভায় ইসরাইলি রাষ্ট্রদূত জাতিসংঘের অনুসন্ধানের নিন্দা জানিয়ে একে ভুয়া মানহানিকর অভিযোগ বলে উল্লেখ করেছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত। ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে গাজায় ৯০ শতাংশ বাড়িঘর।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



