যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বর্তমান বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যুও উঠে আসে বৈঠকে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর ও ল্যামি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন, তারা ইউক্রেন, বাংলাদেশ, পশ্চিম এশিয়া ও কমনওয়েলথ সম্পর্কিত বিষয়েও মতবিনিময় করেছেন। তবে বাংলাদেশ প্রসঙ্গে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে জয়শঙ্কর কোনো বিস্তারিত তথ্য দেননি।
সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে জয়শঙ্কর বলেন, আমরা ইউক্রেন ইস্যু, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনা করেছি। অস্থির ও অনিশ্চিত বিশ্বে ভারত ও যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে।
প্রসঙ্গত, ছাত্র ও জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টের শুরুতে ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে আশ্রয় নেন। এরপর থেকেই তিনি ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন।
শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর গুঞ্জন উঠেছিল, তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন, তবে ব্রিটেন তাকে গ্রহণ করেনি। ইউরোপের এই দেশটি তখন জানিয়েছিল, এই পরিস্থিতিতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য তাদের কোনো আইনি ব্যবস্থা নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

