সৌদি আরবের পবিত্র নগরী মদিনার সব মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় খোলা রাখার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
সম্প্রতি সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সংক্রান্ত অনুমোদন দেন। নতুন ব্যবস্থার আওতায় মদিনার ঐতিহাসিক মসজিদগুলোর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার বড় ও সাধারণ মসজিদও থাকবে।
এর ফলে কর্মস্থল, কেনাকাটা, ভ্রমণ কিংবা অন্যান্য প্রয়োজনে বাইরে থাকা নারীদের নামাজ আদায়ের জন্য আর বাড়ি ফিরে যেতে হবে না। কাছাকাছি মসজিদে গিয়ে নারীদের জন্য নির্ধারিত স্থানে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।
এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের জায়গা সীমিত সময়ের জন্য চালু রাখা হতো। বিশেষ করে জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ভিড়ের মৌসুমে এসব স্থান খোলা থাকত। অন্য সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই তা বন্ধ রাখা হতো। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ও নারীদের জন্য নির্ধারিত স্থান ব্যবহারের সুযোগ থাকবে।
তবে এই সিদ্ধান্তের আওতায় থাকছে না মসজিদে নববি। বিশ্বের অন্যতম পবিত্র এই মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর পরিচালনা, ব্যবস্থাপনা ও তদারকিতে নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


