বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখক বানু মুশতাক

বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখক বানু মুশতাক

ইতিহাস সৃষ্টি করলেন ভারতের কানাড়া ভাষার লেখিকা বানু মুশতাক। তার ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। বানু মুশতাক শুধুমাত্র একজন লেখিকাই নন, তিনি একজন আইনজীবী এবং অধিকারকর্মীও।

৭৭ বছর বয়সি বানু মুশতাক লেখালেখি করেন কর্ণাটক রাজ্যের কানাড়া ভাষায়। এ ভাষার লেখকদের মধ্যে তিনিই সর্বপ্রথম এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছেন। ছোটগল্পের সংকলনকে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হল। ১৯৯০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বানু মুশতাকের লেখা ১২টি ছোটগল্পের সমন্বয়ে প্রকাশিত হয় ‘হার্ট ল্যাম্প’। এর বিষয়বস্তু দক্ষিণ ভারতে বসবাসকারী মুসলিম নারীদের দৈনন্দিন জীবনযাত্রা, সুখ-দুঃখের চিত্র নিয়ে।

বিজ্ঞাপন

গল্পগুলো কানাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। বুকার পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড বা ৬৭ হাজার ডলার। বই অনুবাদ এবং গল্প বাছাই এসব কাজে বানুকে সহায়তা করেছেন দীপা। তাই পুরস্কারের অর্থও দীপার সঙ্গে সমান ভাগ করে নেবেন তিনি।

লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে এই পুরস্কার গ্রহণ করেন বানু। পাঁচ সদস্যের ভোটিং প্যানেলের সভাপতি লেখক ম্যাক্স পোর্টার এ পুরস্কার ঘোষণা করেন। দীপা ভাস্তি হলেন প্রথম ভারতীয় অনুবাদক এবং নবম মহিলা অনুবাদক।

লেখক মুশতাক বলেন, এ বইয়ের গল্পগুলো নারীদের বিষয়ে। ধর্ম, সমাজ এবং রাজনীতিÑ এই তিন ক্ষেত্রেই নারীদের কাছ থেকে কোনো প্রশ্ন না করেই আনুগত্য দাবি করা হয়। আর এর মাধ্যমেই তাদের ওপর অমানবিক নিষ্ঠুরতা চাপিয়ে দেয় এবং তাদের মূলত অধস্তন করে তোলা হয়।

দক্ষিণ ভারতের ৬৫ মিলিয়ন মানুষের ভাষা এই কানাড়া। ম্যাক্স পোর্টার এ বইয়ের ‘আমূল’ প্রশংসা করে বলেন, গল্পগুলো জুরি সদস্যদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। বইটি বানু মুশতাকের নীরব শক্তি- এমনটাই লিখেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন