শেনজেন বৈঠক থেকে কী চান ট্রাম্প, পুতিন ও জিনপিং

শেনজেন বৈঠক থেকে কী চান ট্রাম্প, পুতিন ও জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের সামরিক শক্তিধর তিন দেশের নেতাদের মধ্যে এটিই প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। এ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধ, ইউক্রেন সংকট, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ১৮ ও ১৯ নভেম্বর শেনজেনে এ সম্মেলনের আয়োজন করেছে চীন। বৈঠকটিকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। তবে এবারের বৈঠকে অংশ নেওয়া তিন নেতার লক্ষ্য ও স্বার্থ এক নয়। ফলে বড় কোনো সিদ্ধান্ত বা সমঝোতার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস আলজাজিরাকে বলেন, ‘এটি ট্রাম্পের আত্মতুষ্টি, পুতিনের কৌশল এবং চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সম্মেলন।’

লন্ডনের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের পররাষ্ট্রনীতি ও বৃহৎ কৌশলবিষয়ক শিক্ষক ভুক ভুকসানোভিচ অবশ্য বৈঠকটিকে নতুন কোনো ইয়াল্টা সম্মেলন হিসেবে দেখার বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্ব কেমন হবে এবং পরাশক্তিগুলোর মধ্যে প্রভাববলয় কীভাবে ভাগ হবে, সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা ছিল। কিন্তু বর্তমান বৈঠকে তেমন কোনো পরিকল্পনা বা সমঝোতার আভাস নেই।

১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়ায় অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন অংশ নেন। ওই সম্মেলনে জার্মানির বিভাজন নিয়ে সমঝোতা হয়। একই সঙ্গে পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তারের পথ তৈরি হয়।

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সম্পর্কের সমীকরণ

তিন নেতার বৈঠকের পেছনে রয়েছে একাধিক জটিল সমীকরণ। বিশেষ করে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ, ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়া-চীনের ক্রমবর্ধমান সম্পর্ক বৈঠকের গুরুত্ব বাড়িয়েছে।

ট্রাম্প বুধবার শেনজেনে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান শি জিনপিং। গত বছরের শেষ দিকে দুই দেশ বাণিজ্যযুদ্ধ স্থগিত করার পর এটি তাঁদের তৃতীয় সরাসরি বৈঠক। বাণিজ্যযুদ্ধের একপর্যায়ে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছেছিল। পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল চীন।

২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে দুই দেশ সাময়িক সমঝোতায় পৌঁছায়। এর ফলে শুল্ক কমানো হয়। একই সঙ্গে স্মার্টফোন থেকে যুদ্ধবিমান তৈরিতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু বিরল খনিজের রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা স্থগিত করতে সম্মত হয় চীন। এর পরপরই চীনে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কিছু কম্পিউটার চিপ বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করে যুক্তরাষ্ট্র।

বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের এই সমঝোতার মেয়াদ ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি।

কৌশলগত ও আন্তর্জাতিক অধ্যয়ন কেন্দ্রের (সিএসআইএস) তথ্য অনুযায়ী, চীন থেকে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি এখনো স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম। এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র প্রতিষ্ঠান মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণনীতি লঙ্ঘন করে এনভিডিয়ার চিপ চীনে সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনাও দুই দেশের সম্পর্কে চাপ তৈরি করেছে।

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। তাঁর সঙ্গে সম্পর্ক থাকা এক নারীকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে বেইজিং এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি তুলবেন না।

বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্কে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা কম। হিনরিখ ফাউন্ডেশনের বাণিজ্যনীতিবিষয়ক প্রধান ডেবোরা এলমস আল-জাজিরাকে বলেন, কোনো সমস্যা ছাড়াই দুই নেতার করমর্দন সম্পন্ন হওয়াকেও এই বৈঠকের সাফল্য হিসেবে দেখা হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি হয়েছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা আয়োজন করেন। গত ফেব্রুয়ারির পর এটাই ছিল দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার প্রথম উদ্যোগ। সাম্প্রতিক দিনগুলোতে তাঁরা কিয়েভ ও মস্কো সফর করে আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

মস্কো সফরের কয়েক দিন আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনকে ঘিরে শুধু নয়, পুরো ইউরোপকে নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি ‘বড় ও চমৎকার চুক্তির’ কাছাকাছি পৌঁছেছে।

সাম্প্রতিক মাসগুলোতে পুতিনের প্রতি ট্রাম্পের বক্তব্য অনেকটা নমনীয় হয়েছে। বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি তাঁর অবস্থান কঠোর হয়েছে। রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলার কারণে তেল ও ডিজেলের বৈশ্বিক দাম বাড়ছে বলে জেলেনস্কিকে প্রকাশ্যে তিরস্কার করেছেন ট্রাম্প। এমনকি তাঁকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন। পাশাপাশি রাশিয়ার তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছেন তিনি। এতে নিজ দল রিপাবলিকান পার্টির অনেক নেতাও ক্ষুব্ধ হয়েছেন।

বিশ্লেষকদের আশঙ্কা, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ন্যাটো-সংক্রান্ত কিছু ছাড় দিতে পারে। এমনকি গত চার বছরে ইউক্রেনের যেসব ভূখণ্ড দখল করেছে রাশিয়া, সেগুলোর নিয়ন্ত্রণ মস্কোর হাতে রাখার সুযোগ দিয়ে কোনো সমঝোতার চেষ্টা হতে পারে। এ সম্ভাবনা ইউরোপীয় নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে।

এদিকে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগে মস্কো ও বেইজিং ‘সীমাহীন অংশীদারত্বের’ ঘোষণা দিয়েছিল। এরপর থেকে চীন রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে।

চলতি বছরের মে মাসে বেইজিংয়ে এক সম্মেলনে শি জিনপিং ও পুতিন ৪০টির বেশি সহযোগিতা চুক্তি সই করেন। দুই নেতা জ্বালানি বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন। ক্রেমলিনের এক সহযোগীর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে চীনে রাশিয়ার তেল রপ্তানি ৩৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া রাশিয়ার অস্ত্রশিল্পে উচ্চপ্রযুক্তির যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর আহ্বানও উপেক্ষা করেছে বেইজিং।

এপেক সম্মেলনের ফাঁকে বুধবারও শি ও পুতিনের বৈঠক হয়েছে। সেখানে শি জিনপিং চীন ও রাশিয়াকে ‘বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার’ অগ্রযাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে শি জিনপিংয়ের পর সম্মেলনে বক্তব্য দেন পুতিন। পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ইউরোপ অপমানজনক পতনের মধ্য দিয়ে যাচ্ছে।

ট্রাম্পের লক্ষ্য কী

বিশ্লেষকদের মতে, তিন নেতার মধ্যে ট্রাম্পই বৈঠক থেকে দৃশ্যমান কোনো সাফল্য নিয়ে ফিরতে সবচেয়ে বেশি আগ্রহী। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর অভ্যন্তরীণভাবে চাপে রয়েছেন তিনি। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে।

ভুক ভুকসানোভিচ বলেন, ট্রাম্প এই বৈঠকে আসছেন অভ্যন্তরীণভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায়। বিশেষ করে ইরান যুদ্ধ তাঁর রাজনৈতিক ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে তিনি যুক্তরাষ্ট্রকে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের কেউ কেউ বর্তমান পরিস্থিতিকে ‘স্থবির যুদ্ধ’ হিসেবে বর্ণনা করছেন।

ভুকসানোভিচের মতে, ট্রাম্প এমন কোনো দ্রুত সমঝোতা চান, যেটিকে তিনি দেশে বড় অর্জন হিসেবে তুলে ধরতে পারবেন। তবে বৈঠক থেকে প্রতীকী কোনো সাফল্যের বেশি কিছু পাওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। কারণ, আলোচ্যসূচি এখনো স্পষ্ট নয়।

ট্রাম্পের অন্যতম লক্ষ্য হতে পারে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে একটি ত্রিপক্ষীয় চুক্তি করা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ২০১০ সালে সই হওয়া নিউ স্টার্ট চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এই চুক্তিতে দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার বিধান ছিল।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে রাশিয়া এটি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু ট্রাম্প তাতে রাজি হননি। তিনি বরং চীনকে অন্তর্ভুক্ত করে একটি ‘নতুন, উন্নত ও আধুনিক’ চুক্তির দাবি জানান। তবে শি জিনপিং এ ধরনের চুক্তিতে যোগ দিতে আগ্রহী নন বলে ধারণা করা হচ্ছে। কারণ, চুক্তিটি তৈরির সময় চীনের কোনো ভূমিকা ছিল না।

স্কট লুকাসের মতে, ট্রাম্প মূলত এই বৈঠককে ছবির সুযোগ হিসেবে দেখছেন। তবে তাঁর প্রশাসনের লক্ষ্য কিছুটা ভিন্ন। চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও অবস্থান পুনরুদ্ধার করতে চায় ওয়াশিংটন।

লুকাস বলেন, চীন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি ব্যর্থ হয়েছে। প্রথমে শুল্কযুদ্ধ শুরু করে চীনা পণ্যে শুল্কের হার ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ করে চীন যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপে ফেলে। শেষ পর্যন্ত ওয়াশিংটনকে সমঝোতায় আসতে হয়।

এখন ট্রাম্প প্রশাসন দেখাতে চায়, চীনের বিষয়ে তাদের সুস্পষ্ট নীতি রয়েছে। একই সঙ্গে তারা সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা চীনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানাচ্ছেন।

পুতিনের চাওয়া ইউক্রেন ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি

পুতিনের কাছে এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইউক্রেন যুদ্ধ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটানোও তাঁর অন্যতম লক্ষ্য।

স্কট লুকাস বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বা গ্রহণযোগ্যতা তৈরি করতে চান পুতিন ও ক্রেমলিন। এ ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সমর্থন ধরে রাখা, ইউক্রেনের আরও ভূখণ্ড দখল এবং কিয়েভের প্রতি ওয়াশিংটনের সমর্থন কমানো মস্কোর লক্ষ্য। পাশাপাশি বেইজিংয়ের কাছ থেকে অন্তত রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে চায় রাশিয়া।

লুকাসের মতে, কয়েক বছর ধরে নিষেধাজ্ঞা এবং প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের ব্যয় বহনের পরও কাঙ্ক্ষিত বিজয় পায়নি রাশিয়া। তাই আন্তর্জাতিকভাবে নিজেদের বিচ্ছিন্ন হিসেবে দেখানোর ধারণা ভাঙতে চায় মস্কো।

ট্রাম্প যে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার একটি বিলের বাস্তবায়ন স্থগিত রেখেছেন, সেটিও বহাল রাখতে চায় পুতিন। ওই বিলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের পাশাপাশি দেশটির পণ্য কেনা দেশগুলোর ওপরও শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এর মধ্যে চীনও রয়েছে।

ভুক ভুকসানোভিচের মতে, বৈঠকের দৃশ্যমান উপস্থিতিই মস্কোর জন্য বড় অর্জন। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করে আসছে রাশিয়া। এখন চীন ও রাশিয়া বলতে পারবে, শক্তির ব্যবধান আগের মতো নেই। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে একই টেবিলে বসে আলোচনা করার অবস্থানে তারা পৌঁছেছে। পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরার এই সুযোগ পুতিনের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তবে স্কট লুকাস মনে করেন, ইরান ইস্যুতে নিজেদের প্রভাব ছাড়তে চাইবেন না পুতিন। তেহরানের সঙ্গে সহযোগিতা বন্ধ করার বিষয়ে ওয়াশিংটনকে কোনো বাধ্যতামূলক প্রতিশ্রুতি দিতেও তিনি রাজি হবেন না।

শি জিনপিংয়ের লক্ষ্য চীনের দীর্ঘমেয়াদি স্বার্থ

বৈঠকের আয়োজক হিসেবে শি জিনপিংয়ের লক্ষ্য অন্য দুই নেতার চেয়ে আলাদা। চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক লক্ষ্য বাস্তবায়নে বাইরের হস্তক্ষেপ ছাড়া প্রয়োজনীয় পরিসর নিশ্চিত করতে চান তিনি।

স্কট লুকাস বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্প ও পুতিনের সমপর্যায়ের নেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি শি জিনপিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। সেই স্বীকৃতি তিনি ইতিমধ্যে পেয়েছেন। এখন তাঁর লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শুল্কযুদ্ধ এড়ানো এবং চীনের বিকল্প অর্থনৈতিক মডেলের বিরুদ্ধে ওয়াশিংটনের বিরোধিতা বন্ধ করা।

এ ছাড়া বিরল খনিজ ও প্রযুক্তির ক্ষেত্রে চীনের প্রভাবশালী অবস্থানকে স্বীকৃতি দেওয়া এবং তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করাও বেইজিংয়ের গুরুত্বপূর্ণ চাওয়া। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি নিয়েও কোনো দেশ চ্যালেঞ্জ জানাক, তা চায় না বেইজিং। বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড জোটের বিরোধিতা চীনের দীর্ঘদিনের অবস্থান।

ভুক ভুকসানোভিচের মতে, চীন উদীয়মান পরাশক্তি হলেও দেশটি এখন অনেক বেশি অভ্যন্তরীণ সংস্কার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগী। কূটনৈতিকভাবে বড় কোনো ঘোষণা দেওয়ার চেয়ে ধৈর্য ধরে নিজেদের লক্ষ্য বাস্তবায়ন করতে বেশি আগ্রহী বেইজিং।

তাঁর মতে, ইউক্রেন ও ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মনোযোগ সরাতে বাধ্য হয়েছে। এতে চীন সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তবে জ্বালানির বাজার ভেঙে পড়ার আশঙ্কা বেইজিংয়ের জন্য বড় উদ্বেগের বিষয়।

ভুক ভুকসানোভিচ বলেন, অর্থনৈতিক ঝুঁকির বিষয়টি বাদ দিলে যুক্তরাষ্ট্র দুটি বড় যুদ্ধে আটকে থাকায় চীন সন্তুষ্ট। কারণ, ওয়াশিংটন এখনো জানে না কীভাবে এসব যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে।

ইরান ও ইউক্রেন যুদ্ধের সমাধান কি মিলবে

শেনজেন বৈঠক থেকে ইরান ও ইউক্রেন যুদ্ধের বিষয়ে বড় কোনো অগ্রগতির প্রত্যাশা করছেন না পর্যবেক্ষকেরা।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রশাসন চায়, চীন যেন ব্যক্তিগত পর্যায়ে তেহরানকে কিছু বিষয়ে ছাড় দেওয়ার জন্য রাজি করায়। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার অচলাবস্থা এখনো কাটেনি। হরমুজ প্রণালির পরিস্থিতি ও ইরানকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয় আগে আলোচনায় আসবে, নাকি দেশটির পারমাণবিক কর্মসূচি—এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।

ভুক ভুকসানোভিচ মনে করেন, চীন বড় ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে—এমন সম্ভাবনা খুব কম। ২০২৩ সালে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে ভূমিকা রাখার পরও বেইজিং বড় সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে সামনে আসতে চায়নি। বরং কূটনৈতিক বক্তব্য ও কৌশলের মাধ্যমে নিজের অবস্থান ধরে রাখতে চেয়েছে।

ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না তিনি। মস্কো এই যুদ্ধকে নিজেদের অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখে। রাশিয়ার ধারণা, দীর্ঘস্থায়ী যুদ্ধের মাধ্যমে তারা জয়ী হতে পারবে। তাই দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদের আকাঙ্ক্ষা ত্যাগের দাবি থেকে মস্কো সরে আসবে না।

ভুক ভুকসানোভিচ বলেন, শেনজেন বৈঠক ইউক্রেন যুদ্ধের পরিণতিতে কোনো প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। তাঁর মতে, এই যুদ্ধ কূটনৈতিক টেবিলে নয়, যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে।

স্কট লুকাসের মতে, রাশিয়া বরং যুক্তরাষ্ট্রকে ইউরোপজুড়ে একটি নতুন নিরাপত্তাব্যবস্থার আলোচনায় ব্যস্ত রাখতে চাইবে। মস্কো এই ধারণাকে সামনে এনে যুদ্ধবিরতি, ইউক্রেনের ভূখণ্ড এবং কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এড়িয়ে যেতে পারে।

লুকাসের মতে, চীন ও রাশিয়ার একটি বিষয়ে মিল রয়েছে। তারা চায়, যুক্তরাষ্ট্র যেন পশ্চিম গোলার্ধের বাইরে নিজেদের আধিপত্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা সীমিত রাখে। তবে এই বৈঠককে সমান শক্তির তিন দেশের মধ্যে বিশ্ব ভাগাভাগির আয়োজন হিসেবে দেখার সুযোগ নেই। বরং বিশ্বে ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হচ্ছে এবং নেতারা নিজেদের ক্ষমতা ধরে রাখা বা পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

বিশ্বের অন্য দেশগুলোর প্রত্যাশা কী

শেনজেন বৈঠক থেকে বিশ্বের অন্যান্য দেশের প্রধান প্রত্যাশা স্থিতিশীলতা। স্কট লুকাসের মতে, মধ্যবর্তী নির্বাচনে দুর্বল হয়ে পড়া ট্রাম্প যেন চীনের সঙ্গে নতুন করে শুল্কযুদ্ধে না জড়ান, সেটিই চায় বিভিন্ন দেশের সরকার। একই সঙ্গে চীনের সঙ্গে তাদের নিজস্ব অর্থনৈতিক সম্পর্কেও যেন বিঘ্ন না ঘটে, সেটিও গুরুত্বপূর্ণ।

ইউরোপীয় ইউনিয়নকে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার এবং উপসাগরীয় দেশগুলোও চীনের বিষয়ে নিজেদের অবস্থান নতুন করে সাজাচ্ছে।

লুকাস বলেন, বিভিন্ন দেশ চায়, তাদের যেন যুক্তরাষ্ট্রের তৈরি করা নতুন সংকটের প্রতিক্রিয়া জানাতে না হয়। তারা ট্রাম্পের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করে। একই সঙ্গে ইউক্রেনে রাশিয়া যেন কিছুটা হলেও সামরিক তৎপরতা কমায় এবং চীন যেন নিজের ক্ষমতা দায়িত্বশীলভাবে ব্যবহার করে, সেটিও তাদের প্রত্যাশা।

অন্যদিকে, ভুক ভুকসানোভিচের মতে, বিশ্বের উন্নয়নশীল দেশগুলো তিন পরাশক্তির নেতাদের একসঙ্গে আলোচনায় বসাকে স্বাগত জানাবে। কারণ, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার ধারণার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। তবে এ বিষয়ে তাদের মধ্যে যথেষ্ট সংশয়ও থাকবে।

তার মতে, উন্নয়নশীল দেশগুলো মূলত দেখবে, এই বৈঠক থেকে তাদের স্বার্থসংশ্লিষ্ট কোনো বাস্তব ফলাফল আসে কি না। বিশেষ করে সংঘাত নিরসন, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন হয় কি না, সেটিই হবে তাদের বিবেচনার বিষয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...