হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি না হলে পর্যায়ক্রমে গাজা উপত্যকা দখলের আহ্বান জানিয়েছেন ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যদি হামাস আত্মসমর্পণ, নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে রাজি না হয়, তাহলে ইসরাইলের উচিত প্রতি সপ্তাহে গাজার একটি অংশ দখল করা। খবর আল জাজিরার।
সংবাদ সম্মেলনে গাজা দখলের বিষয়ে তার পরিকল্পনাও তুলে ধরেন স্মোত্রিচ। তিনি বলেন, প্রথমে ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে চলে যেতে বলা হবে, তারপরে ইসরাইল ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চলে অবরোধ আরোপ করবে এবং শেষ পর্যন্ত দখলদারিত্বের মাধ্যমে পুরো প্রক্রিয়া শেষ হবে।
তার মতে, ‘তিন থেকে চার মাসের মধ্যে এটি অর্জন করা সম্ভব।’
ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটির আরো গভীরে অগ্রসর হচ্ছে। গাজা সিটি দখল করে সেখানে বসবাসকারী প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার লক্ষ্যে অভিযান চালাচ্ছে ইসরাইলি। এ অবস্থায় এমন পরিকল্পনার কথা জানালেন কট্টর-ডানপন্থি এই মন্ত্রী।
সংবাদ সম্মেলনে স্মোত্রিচ গাজা উপত্যকা ইসরাইলের সঙ্গে সংযুক্তির বিষয়ে তার পরিকল্পনা গ্রহণ করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।
স্মোত্রিচের বক্তেব্যের বিষয়ে নেতানিয়াহু প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এদিকে, স্মোত্রিচের মন্তব্য প্রত্যাখ্যান করে হামাস বলেছে, একে ফিলিস্তিনি জনগণকে নির্মূল করার একটি আনুষ্ঠানিক আহ্বান হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, এই আহ্বান নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অনাহার এবং অবরোধকে অস্ত্র হিসেবে ব্যবহারের আনুষ্ঠানিক স্বীকারোক্তি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


