দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় মাসের পর মাস ধরে শহর ও আশপাশের অঞ্চল ঢেকে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সরকারের আরও কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ করেছেন ইন্দোনেশিয়ার পালাংকারায়া শহরের শত শত শিক্ষার্থী। শুক্রবার তারা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর মুখে ছিল সার্জিক্যাল মাস্ক। আকাশজুড়ে ছিল অস্বাভাবিক কমলা আভা, আর ঘন ধোঁয়ার কারণে দৃশ্যমানতা নেমে এসেছিল ব্যাপকভাবে। এ পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও অর্থ বরাদ্দের সুযোগ তৈরি করতে সরকারকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানান বিক্ষোভকারীরা।
বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশে অবস্থিত মধ্য কালিমান্তান প্রদেশে এসব দাবানল ছড়িয়ে পড়েছে।
প্রদেশটির গভর্নরের কার্যালয়ের বাইরের দেয়ালে সাঁটানো একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কর্মকর্তারা নির্বোধ, অথচ তারা দারুণ সব সুযোগ-সুবিধা ভোগ করেন। আর সাধারণ মানুষের জীবন দুর্বিষহ।’
বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়ার দেশাত্মবোধক গান ‘ইন্দোনেশিয়া পুসাকা’ গেয়ে ওঠেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সামান্য ধস্তাধস্তিও হয়।
তবে কোনো হতাহতের ঘটনা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। রাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
বিক্ষোভের নেতা ইউয়ুন সানজায়া সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় তারা যে অক্ষম, মধ্য কালিমান্তান প্রাদেশিক সরকারকে তা স্পষ্টভাবে ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। তাহলে পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।’
বন উজাড় পর্যবেক্ষণকারী সংস্থা নুসান্তারা অ্যাটলাসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দাবানলে ১৯ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। তবে ইন্দোনেশিয়া সরকার এ পরিসংখ্যান নিশ্চিতও করেনি, আবার অস্বীকারও করেনি।
দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় কয়েক লাখ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এ ধোঁয়া ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পূর্ব তিমুর পর্যন্ত।
প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক অসন্তোষের পাশাপাশি নিজ দেশেও সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এর মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।
বৃহস্পতিবার জাভা দ্বীপে ইন্দোনেশিয়ার স্কুল শিশুরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছে।
ওই দ্বীপের বেশ কয়েকটি জেলা ও সংরক্ষিত বনাঞ্চলও দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: বাসস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


