মাত্র ১৩ বছরেই মাস্টার্স করতে যাচ্ছে কিশোর জো

মাত্র ১৩ বছরেই মাস্টার্স করতে যাচ্ছে কিশোর জো
নিউইয়র্কের লং আইল্যান্ডের কিশোর জো পেত্রারো-হাইপোলাইট।

মাত্র ১৩ বছর বয়সেই স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের কিশোর জো পেত্রারো-হাইপোলাইট। ২০২৭ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে (এনওয়াইইউ) স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

জোয়ের শিক্ষাজীবনের অস্বাভাবিক দ্রুত অগ্রগতি এরই মধ্যে বিভিন্ন মহলের নজর কেড়েছে। মাত্র ১০ বছর বয়সে সে স্যাট পরীক্ষায় ১ হাজার ৫৯০ নম্বর পেয়েছিল বলে জানা গেছে। স্যাটের সর্বোচ্চ স্কোর ১ হাজার ৬০০। এরপর মাত্র ১১ বছর বয়সেই হাইস্কুলের পড়াশোনা শেষ করে ডিপ্লোমা অর্জন করে সে।

বর্তমানে জো স্নাতক ডিগ্রি অর্জনের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আগামী ২০২৭ সালের মে মাসে তার স্নাতক সম্পন্ন করার কথা। এরপর একই বছর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শুরু করার পরিকল্পনা রয়েছে তার।

জোয়ের আইকিউ ১৬৮ বলেও জানা গেছে। পড়াশোনার পাশাপাশি সে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছে। সেখানে তার সহপাঠীদের অধিকাংশই বয়সে তার চেয়ে অনেক বড় ছিল। খেলাধুলা ব্যবস্থাপনার পাশাপাশি কাইনেসিওলজি ও জীববিজ্ঞানেও তার আগ্রহ রয়েছে।

সিবিএস নিউজ নিউইয়র্ককে জো জানিয়েছে, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে তার ভর্তি নিশ্চিত হয়েছে। ২০২৭ সালে শুরু হতে যাওয়া ওই প্রোগ্রামে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়বে সে। তবে ভবিষ্যতে তার আগ্রহের আরেকটি ক্ষেত্র জীবাশ্মবিদ্যা। বড় হয়ে সে প্যালিওন্টোলজিস্ট বা জীবাশ্মবিদ হতে চায়।

পড়াশোনার বাইরে সামাজিক কাজেও যুক্ত রয়েছে জো। সে একটি নার্সিং হোমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। অল্প বয়সেই একের পর এক শিক্ষাগত সাফল্য অর্জনের পাশাপাশি নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও ইতোমধ্যে পরিকল্পনা তৈরি করেছে এই কিশোর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন