ট্রাম্পের শুল্ক আরোপের পরও রাশিয়ার সঙ্গে ভারতের নতুন চুক্তি

ট্রাম্পের শুল্ক আরোপের পরও রাশিয়ার সঙ্গে ভারতের নতুন চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত জরিমানা শুল্কের তোয়াক্কা না করেই রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করলো ভারত। ওয়াশিংটনের কড়া অবস্থান ও ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বৃদ্ধির মধ্যেই রাশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ খাতে সমঝোতা স্মারক (MoU) সই করেছে দিল্লি। এই পদক্ষেপ ভারতের স্বার্থে কোনো বৈদেশিক চাপকে পরোয়া না করার ইঙ্গিত বহন করছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ৬ আগস্ট অনুষ্ঠিত ভারত-রাশিয়া আধুনিকীকরণ ও শিল্প সহযোগিতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ১১তম অধিবেশনে এই চুক্তিগুলো স্বাক্ষর হয়। চুক্তিগুলোর মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম, সার, রেলপথ, খনি প্রযুক্তি এবং রেয়ার আর্থ খনিজ পদার্থে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি।

রাশিয়া ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে ভারতের পাশে অবস্থান নিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, “আমরা এমন বক্তব্য ও পদক্ষেপের বিরোধিতা করি, যা দেশগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার হুমকি দেয়। এ ধরনের চাপ আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী।”

এদিকে, ট্রাম্পের ঘোষিত নতুন আমদানি শুল্কের তীব্র সমালোচনা করেছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্পের সিদ্ধান্তকে ‘অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়, “ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, এবং কোনো চাপের কৌশলের কাছে মাথা নত করবে না।”

ভারতের বিভিন্ন রাজনৈতিক দলও এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের দ্বিচারিতা তুলে ধরেছে। তাদের মতে, চীন ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে পণ্য আমদানি চালিয়ে গেলেও কেবল ভারতকেই শাস্তিমূলক শুল্কের মুখোমুখি করা হচ্ছে। চীন যেভাবে রাশিয়া থেকে তেল ও এলপিজি আমদানি করে, তার তুলনায় ভারতের আমদানি কম হলেও ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি বৈষম্যমূলক।

দিল্লির এই অবস্থান থেকে স্পষ্ট, বৈদেশিক কূটনীতিতে ভারত আর চাপের রাজনীতি বরদাশত করবে না। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ধরে রাখতে এবং স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন কণ্ঠস্বর বজায় রাখবে দেশটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন