ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে কলকাতা যাওয়ার পথে ইন্ডিগোর একটি ফ্লাইট ‘বার্ড স্ট্রাইকের’ শিকার হয়েছে। আজ মঙ্গলবার সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। পাইলক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দ্রুত বিমানটি নাগপুরে ফিরিয়ে আনেন। খবর হিন্দুস্তান টাইমসের।
এক বিবৃতিতে বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, বিমানটির প্রয়োজনীয় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনের কারণে, ফ্লাইটটি আজকের জন্য বাতিল করা হয়েছে।
ইন্ডিগো জানিয়েছে, তারা যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা এবং নাস্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কেউ যদি ফ্লাইট বাতিল করতে চান, তাহলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
এক বিবৃতিতে সংস্থার মুখপাত্র বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানে প্রায় ১৬০ থেকে ১৬৫ জন যাত্রী ছিলেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানটি সকাল ৭টা ৫ মিনিটে নাগপুর থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই বার্ড স্ট্রাইকে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
গত সপ্তাহে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় গুজরাটের সুরাট থেকে দুবাইগামী ইন্ডিগোর একটি বিমান আহমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয়। প্রায় ১৫০ জন আরোহী নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


