আরব দলগুলোকে সহযোগিতাকারীদের হত্যা করা বৈধ: ইহুদি ধর্মগুরু ফতোয়া

আরব দলগুলোকে সহযোগিতাকারীদের হত্যা করা বৈধ: ইহুদি ধর্মগুরু ফতোয়া
রা’আম পার্টির প্রধান মনসুর আব্বাস ও তার দলের সদস্যরা। ছবি: দ্য জেরুজালেম পোস্ট

আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনৈতিক নেতাদের হত্যার বৈধতা দেওয়ার মতো ধর্মীয় ফতোয়া দিয়েছেন ইসরাইলের হাইফা র‍্যাবাইনিক্যাল আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকারী ইহুদি রাজনীতিকদের বিরুদ্ধে ইহুদি ধর্মীয় আইনের ‘দিন রোদেফ’ নীতি প্রয়োগের কথা উল্লেখ করে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন তিনি। এ নীতির আওতায় কোনো ব্যক্তিকে অন্যের জীবনের জন্য হুমকি মনে করা হলে তাকে হত্যার অনুমতি দেওয়ার ব্যাখ্যা রয়েছে।

বিজ্ঞাপন

অ্যাক্সেলরড তার চিঠিতে যুক্তি দিয়েছেন যে, যেসব ইহুদি রাজনীতিবিদ আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করেন, তাদের ক্ষেত্রে ‘দিন রোদেফ’ নীতি প্রযোজ্য।

হিব্রু শব্দ রোদেফ এর অর্থ হলো ‘পিছু ধাবমান ব্যক্তি’ বা ‘আক্রমণকারী’। র‍াব্বি মোশে বেন মাইমনের ব্যাখ্যা অনুযায়ী, এই ধর্মীয় মতবাদটি এমন কিছু ধর্মীয় আদেশের (মিতজভত) ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা নির্দেশ দেয়: ‘যদি কাউকে ধাওয়া করা হয় (বা আক্রমণ করা হয়), তবে আক্রমণকারীকে হত্যা করে সেই ব্যক্তিকে রক্ষা করতে হবে; আক্রমণকারীর প্রতি কোনো দয়া দেখানো যাবে না; এবং কোনো সহকর্মীর জীবন যখন বিপন্ন, তখন হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না।’

অ্যাক্সেলরডের দাবি, ইসরাইলের আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা ইসরাইলি জনগণের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করা কিংবা তাদের বাইরের সমর্থন নেওয়াকেও তিনি এ সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন।

এ ঘটনার পর ইসরাইলের সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের একটি দল হত্যায় উসকানির অভিযোগে অ্যাক্সেলরডের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। পুলিশের তদন্ত বিভাগের প্রধানের কাছে পাঠানো চিঠিতে তারা রাব্বিকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। অন্যথায় দেশটিতে আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তারা।

এদিকে জয়েন্ট লিস্টের এমপি ওফের কাসিফও অ্যাক্সেলরডের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন। তার মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হত্যার হুমকি বা উসকানি দেওয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

ডেমোক্র্যাটস নেতা ইয়াইর গোলান সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট নির্দিষ্ট শর্ত পূরণকারী দলগুলোকে জোটে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন। মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ২০২১-২২ সালে নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের সরকারেও অংশ নিয়েছিল।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...