ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিতে চায় যুক্তরাজ্য। এ লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছে দেশটি।
ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ সর্বসম্মতিক্রমে বাড়ানোর পর গতকাল এ কথা জানান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবের মাধ্যমে আগে থেকে কার্যকর থাকা অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যবস্থা আরো জোরদার হয়েছে।
ম্যাকিনটোশ বলেন, হুথিরা নিজেদের দেশে অস্ত্র তৈরির জন্য দ্বৈত ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ ও রাসায়নিক কাঁচামালের ওপর নির্ভরশীল। এসব উপকরণের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা ব্যবস্থার আওতায় কোন কোন দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণের ওপর ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণে আগামী কয়েক মাসে নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী।’
এদিকে ইয়েমেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। তিনি জানান, দেশটিতে ২ কোটি ২৩ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন। সাম্প্রতিক লড়াইয়ের কারণে আরো ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
হুথিদের হাতে আটক জাতিসংঘ, মানবিক সহায়তাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান ম্যাকিনটোশ।
জাতিসংঘ গত অক্টোবর মাসে জানিয়েছিল, তাদের ৭০ জনের বেশি কর্মী হুথিদের হেফাজতে রয়েছেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


