সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তার খুব বেশি আস্থা ছিল না। নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন বলেও মন্তব্য করেন তিনি।
নতুন প্রকাশ হওয়া নিজের আত্মজীবনী ‘প্রমিজ মি, আমেরিকা’তে এসব কথা লিখেছেন বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
বইটিতে নিজের এক মেয়াদের প্রেসিডেন্সি, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেছেন বাইডেন।
নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে বাইডেন লিখেছেন, তাদের দুজনের মধ্যে খুব একটা বিশ্বাসের সম্পর্ক ছিল না। ইসরাইলি প্রধানমন্ত্রীর কিছু প্রবণতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে যায় বলেও মনে করতেন তিনি।
বাইডেনের ভাষায়, আমাদের মধ্যে খুব বেশি আস্থা ছিল না। নেতানিয়াহুর কিছু প্রবণতা নিয়েও আমি উদ্বিগ্ন ছিলাম, যেগুলোর সঙ্গে ট্রাম্পের মিল রয়েছে। তথ্যের ক্ষেত্রে তিনি অত্যন্ত কৌশলী ছিলেন এবং নিজের ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতেও তার দ্বিধা ছিল না। বাইডেনের অভিযোগ, নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের পরিবর্তে নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নিয়েই বেশি চিন্তিত ছিলেন।
তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর ইসরাইলের প্রতি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে গাজায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি।
আত্মজীবনীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও সাফাই গেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন তিনি। একই পরিস্থিতি আবার তৈরি হলে প্রেসিডেন্ট হিসেবে একই সিদ্ধান্ত নিতেন বলেও জানিয়েছেন।
তবে ওই সময় তার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন বলে বইয়ে উল্লেখ করেছেন বাইডেন।
তিনি জানান, মার্কিন সেনারা চলে যাওয়ার পর আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে মার্কিন বাহিনী প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি হয়েছিল।
আত্মজীবনীতে বিশ্বের অন্যান্য নেতার সম্পর্কেও নিজের মূল্যায়ন তুলে ধরেছেন বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণকে তিনি ‘বদমেজাজি’ হিসেবে বর্ণনা করেছেন। বাইডেনের দাবি, বিভিন্ন বৈঠকে পুতিন ইচ্ছাকৃতভাবে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে বা গুটিয়ে বসতেন। এর মাধ্যমে একজন অনাগ্রহী কিশোরের মতো ভাব প্রকাশের চেষ্টা করতেন তিনি।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের জন্য ইতিবাচক বলে মনে করেন বাইডেন। তার মতে, একজন অভিনেতা হিসেবে জেলেনস্কির পূর্ব অভিজ্ঞতা যুদ্ধের সময় দেশ পরিচালনার ক্ষেত্রে বেশ কাজে এসেছে।
নিজের প্রেসিডেন্সির নানা অভিজ্ঞতা নিয়ে লেখা বাইডেনের এই আত্মজীবনীটি প্রকাশিত হয়েছে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর।
সূত্র: মিডল ইস্ট মনিটর
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


