ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার অ্যান্ড্রিয়াস কুবিলিয়াস সতর্কবার্তায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আর পর্যাপ্ত পরিমাণে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অবস্থানে নেই।
শুক্রবার এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইরান কেন্দ্রিক সাম্প্রতিক সংকটের পর ইউরোপের জন্য বিমান প্রতিরক্ষা এবং অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
কুবিলিয়াস স্পষ্ট করে বলেন, আমেরিকা বর্তমানে তাদের নিজস্ব সেনাবাহিনী, উপসাগরীয় দেশগুলো এবং ইউক্রেনের বিশাল চাহিদা একসঙ্গে মেটাতে হিমশিম খাচ্ছে, এটা ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ।
ইউক্রেন যখন রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলা করছে এবং উপসাগরীয় দেশগুলো তাদের কৌশলগত স্থাপনায় ইরানি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে, ঠিক তখনই এমন উদ্বেগের কথা সামনে এল।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, টমাহক ল্যান্ড-অ্যাটাক মিসাইল এবং এসএম-থ্রি ইন্টারসেপ্টরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে ওয়াশিংটনের। পেন্টাগন সূত্র জানাচ্ছে, ইউক্রেন যুদ্ধে গত চার বছরে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ব্যবহৃত হওয়ায় এই ঘাটতি আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপকে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং দ্রুত উৎপাদন বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইইউ কমিশনার।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

