ইসরাইলের নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার অভিযোগের পরও নির্বাচনের ফল বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
কমিশনের প্রধান নোয়াম সোলবার্গ বলেছেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলেও তা নির্বাচনি প্রক্রিয়া বা সামগ্রিক ফলকে প্রভাবিত করবে না। এ সময় তার সঙ্গে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলও ছিলেন।
মঙ্গলবারের নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলোর আসন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরপর নেতানিয়াহুর দল লিকুদ পার্টি নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তোলে। দলটি কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করে, আরব নেতৃত্বাধীন দলগুলো ভোট চুরি করেছে এবং কাতারের কাছ থেকে অর্থ নিয়েছে। তবে কাতার এ অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে।
নির্বাচনের দিন ভোটগ্রহণ শুরুর আগে আটক তিন রাজনৈতিক কর্মীর মধ্যে দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের কাছে ভোটারদের ঘুস দেওয়ার জন্য নগদ অর্থভর্তি খাম ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের একজনকে নির্দিষ্ট কিছু শর্তে এবং অন্যজনকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই কর্মীদের সঙ্গে আরব নেতৃত্বাধীন রা’আম পার্টির সংশ্লিষ্টতা রয়েছে। এবারের নির্বাচনে দলটি আটটি আসন পেয়েছে। দলটির নেতা মানসুর আব্বাস এই গ্রেপ্তারকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন।
তার অভিযোগ, নির্বাচনের ফল প্রভাবিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিরোধী নেতা গাদি আইজেনকট নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনের ফলকে অবৈধ প্রমাণের জন্য পরিকল্পিত ও সংগঠিত প্রচার চালানোর অভিযোগ তুলেছেন। এর আগে তিনি আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন। তবে নির্বাচনের পর সরকার গঠনে অচলাবস্থা তৈরি হওয়ায় আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এবারের নির্বাচনে তিনটি আরব নেতৃত্বাধীন দল মোট ১৯টি আসন পেয়েছে। দেশটির নির্বাচনে আরব দলগুলোর এটিই সর্বোচ্চ আসনসংখ্যা। আইজেনকটের সঙ্গে আরব দলগুলো জোট গঠন করলে ৬৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা তৈরি হতে পারে। তবে ইসরাইলের অনেকের কাছে এমন জোট রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
এ সপ্তাহেই নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার কথা রয়েছে। এরপর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে মনোনীত করবেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

