জাপানের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস ধরে আলোচনার পর এ চুক্তি হয় বলে জানিয়েছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়।
ট্রাম্প জানিয়েছেন চুক্তির আওতায় জাপানি পণ্য রপ্তানির ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রে জাপান ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান, চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও বেশকিছু কৃষিসামগ্রীসহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য জাপান তার বাজার খুলে দেবে।
নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমরা জাপানের সঙ্গে একটি বিশাল চুক্তি সম্পন্ন করেছি। সম্ভবত এ যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি। জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।’
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের সদস্যদের সাথে এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আলাস্কায় তরল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য একটি যৌথ উদ্যোগ গঠনের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন। বুধবার তিনি বলেন, ‘জাপানের শুল্ক হার ২৫ শতাংশ বৃদ্ধি করার কথা ছিল, তা ১৫ শতাংশে রাখা হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন সংখ্যা।’
তিনি আরো বলেন, এই চুক্তিতে জাপানের পক্ষ থেকে কৃষি পণ্যসহ কোনও শুল্ক হ্রাসের কথা অন্তর্ভুক্ত করা হয়নি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


