দু’দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তিনি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন। এটি তার দ্বিতীয় যুক্তরাজ্য সফর। সফরে বাণিজ্য আলোচনা ছাড়াও ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার সাথেও দেখা করবেন তিনি। খবর আল জাজিরার।
মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন উইনফিল্ড হাউসে অবস্থান করেন ট্রাম্প। আজ বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করবেন। রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন তিনি। এটা তার জন্য অনেক সম্মানের বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
এদিকে, তার যুক্তরাজ্যে সফরকালে হাজার হাজার মানুষ বিক্ষোভ করবেন বলে আশা করা হচ্ছে।
যুক্তরাজ্যে রওয়ানা দেয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন: ‘যুক্তরাজ্যের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। রাজা চার্লস আমার বন্ধু।’
এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বৈঠক করবেন। আশা করা হচ্ছে, এ বৈঠক থেকে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তির ঘোষণা আসবে। এরই মধ্যে মাইক্রোসফট আগামী চার বছরে যুক্তরাজ্যে ৩ হাজার কোটি ডলারের বেশি এবং গুগল ৫০০ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বিনিয়োগের বড় একটি অংশ লন্ডনে নতুন ডেটা সেন্টার তৈরিতে ব্যয় হবে।
গত মে মাসে ট্রাম্প প্রশাসনের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করে যুক্তরাজ্য। এই চুক্তির অধীনে, ওয়াশিংটন অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও তা এখনো কার্যকর হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের ইস্পাত শিল্পের জন্য সম্ভাব্য শুল্ক ছাড়ের ইঙ্গিত দিয়েছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



