ভারত কখনই তার কৃষক এবং জেলেদের স্বার্থের সঙ্গে আপস করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, যদি এজন্য তাকে চরম মূল্য দিতে হয়, তাতেও পিছপা হবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। খবর এনডিটিভি।
বৃহস্পতিবার দিল্লিতে এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ‘কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত তার কৃষক, খামারি এবং জেলেদের স্বার্থের সঙ্গে কখনো আপস করবে না।’
প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, ‘আমি জানি যে এরজন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, তবুও আমি প্রস্তুত।’
সবুজ বিপ্লবের স্থপতি এমএস স্বামীনাথনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তার ঐতিহ্যের ওপর ভিত্তি করে আমাদের কৃষি বিজ্ঞানীদের পরবর্তী সীমানা লক্ষ্য হলো সকলের জন্য পুষ্টি সুরক্ষা নিশ্চিত করা।’
এর আগে ট্রাম্প ঘোষণা করেন, ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা আগের ২৫ শতাংশের সঙ্গে যুক্ত হয়ে মোট ৫০ শতাংশে দাঁড়িয়েছে।
তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।
ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরণের কৃষি পণ্য রপ্তানি করে। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যেসব ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে কৃষিখাত একটি।
এরআগে ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া থেকে তেল কেনায় যুক্তরাষ্ট্র ভারবের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে; এটা অন্যায় এবং অযৌক্তিক।
শুল্ক আরোপের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারণ এর ঠিক আগেই ভারতের এক সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের শেষ দিকে প্রায় সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



