গাজায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতির নিন্দা ইউরোপীয় নেতাদের

গাজায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতির নিন্দা ইউরোপীয় নেতাদের

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে তারা এ আহ্বান জানান।

সেইসঙ্গে ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। যার ফলে আঞ্চলিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা গাজার ‘বিপর্যয়কর মানবিক পরিস্থিতির’ জন্য ইসরাইলের নিন্দা জানান। তবে যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টির উপায় নিয়ে ঐক্যবদ্ধ হতে পারেননি তারা।

বৃহস্পতিবারের শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের জারি করা একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়, ইসরাইল সম্ভবত ইইউ-ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তির অধীনে মানবাধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘন করছে। তারপরও চুক্তি মূল্যায়নের বিষয়ে পদক্ষেপ নিতে বা ২৫ বছরের ওই চুক্তি থেকে সরে আসতে ব্যর্থ হয়েছে ইইউ।

ইইউ এক বিবৃতিতে বলেছে, ‘ইউরোপীয় কাউন্সিল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে, যার ফলে শত্রুতার স্থায়ী অবসান ঘটবে।’

ইসরাইলি বর্বরতার সমালোচনাকারী দেশ, যেমন আয়ারল্যান্ড ও স্পেন এবং ইসরাইল সমর্থক জার্মানি ও হাঙ্গেরির মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের মধ্যে বৃহস্পতিবার শীর্ষ সম্মেলনের পর একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে গাজায় ‘বেসামরিক হতাহতের সংখ্যা এবং দুর্ভিক্ষ পরিস্থিতি’ সম্পর্কে নিন্দা জানানো হয়।

এদিকে, গাজা পরিস্থিতিকে ‘বিপর্যয়কর গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে স্প্যানিস প্রধানমন্ত্রী বলেন, গাজা ‘গণহত্যার এক বিপর্যয়কর পরিস্থিতিতে’ রয়েছে।

এসময় ইউরোপীয় ইউনিয়নকে অবিলম্বে ইসরাইলের সঙ্গে সহযোগিতা স্থগিত করার আহ্বান জানান তিনি। গাজায় ইসরাইলের চালানো বর্বরতার বিরুদ্ধে এটাই স্প্যানিশ প্রধানমন্ত্রীর সবচেয়ে কড়া সমালোচনা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন