ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৮৬০ হুথি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তারা।
ইয়েমেন সরকারের সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে হুথিদের সামরিক অবস্থান লক্ষ্য করে ২ হাজার ১০৩টি ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে। বিভিন্ন ফ্রন্টে এসব হামলা চালানো হয়।
রোববার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা, রাজধানী সানাসহ, পুনর্দখল করাই এই অভিযানের লক্ষ্য। ইরান-সমর্থিত হুথিরা ২০১৪ সাল থেকে সানা নিয়ন্ত্রণ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের লড়াই ছড়িয়ে পড়েছে বাব আল-মান্দাব প্রণালির আশপাশে। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি রপ্তানির গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটির গুরুত্ব আরও বেড়েছে।
মঙ্গলবার ইয়েমেন সরকারের সঙ্গে মিত্র বাহিনী বাব আল-মান্দাব ও মোখা শহরের আশপাশের কৌশলগত এলাকা দখলে অভিযান শুরু করে। হুথিরা গত সেপ্টেম্বরে মোখা দখল করেছিল।
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও বুধবার হামলার তথ্য জানিয়েছে। জোটের দাবি, সাদা, হোদেইদা, আল-জাওফ ও মারিব প্রদেশে হুথিদের ৮২টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র বলেন, এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবস্থান, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, যোগাযোগব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের মজুতকেন্দ্র। সাদা প্রদেশের পাহাড়ি এলাকায় থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ১১টি মজুতকেন্দ্রও এর মধ্যে ছিল।
জোটের মুখপাত্রের ভাষ্য, মঙ্গলবার ও বুধবার হুথিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর পর নতুন অভিযান শুরু হয়।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হন। আবহা বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

