ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি নির্বাচনটিকে ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন। খবর আনাদোলুর।
সোমবার মিসিসিপি অঙ্গরাজ্যের করিন্থে মধ্যবর্তী নির্বাচনের একটি জনসভায় যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তাকে প্রশ্ন করা হয়, রোববার দ্বিতীয় দফার ভোটের মধ্য দিয়ে শেষ হওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তিনি মনে করেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কাছে নির্বাচনটি খুবই খারাপ মনে হয়েছে। দেখতে ভয়াবহ ছিল।’ নির্বাচনে তিনি কোনো পক্ষ নেননি বলেও দাবি করেন।
এরপর তিনি বলেন, ‘সত্যি বলতে, এটিকে আরেকটি কারচুপিপূর্ণ নির্বাচন বলে মনে হয়েছে।’
ব্রাজিলের নির্বাচনে বামপন্থী নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববারের দ্বিতীয় দফার ভোটে বৈধ ভোটের ৫১ দশমিক ৭৯ শতাংশ, অর্থাৎ ৬ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছেন লুলা। অন্যদিকে বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২১ শতাংশ ভোট।
ট্রাম্প বলেন, নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক না থাকে। তার মতে, ব্রাজিলের এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচক চিত্র তুলে ধরেছে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচন হতে হবে সন্দেহাতীত। কিন্তু আমার কাছে এটিকে খুবই খারাপ মনে হয়েছে।’
নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়া বা কোনো পক্ষ না নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করলেও ভোটের প্রক্রিয়ার সমালোচনা অব্যাহত রাখেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি নির্বাচনটি দেখেছি। এটিকে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও ভয়াবহ মনে হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


