মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদন

গৃহযুদ্ধের ফলে অভ্যন্তরীণভাবে ধসে পড়তে পারে ইসরাইল

গৃহযুদ্ধের ফলে অভ্যন্তরীণভাবে ধসে পড়তে পারে ইসরাইল

ইসরাইলিদের মধ্যে উত্তেজনার কারণে দেশটি অভ্যন্তরীণভাবে ধসে পড়া বা গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে। বাধ্যতামূলক সামরিক নিয়োগ, বসতিস্থাপনকারীদের সহিংসতা এবং সামরিক বাহিনী থেকে ফিরে আসা সেনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ বিভাজন বাড়ছে।

প্রচলিত বিশ্লেষণের বাইরে গিয়ে ‘বিকল্প বিশ্লেষণ’ প্রদানকারী একদল বিশেষজ্ঞ কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। সোমবার ড্রপ সাইট নিউজে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

বিজ্ঞাপন

‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ শিরোনামের সিআইএর প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ইসরাইল অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি। ওই নির্বাচনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে লড়াই করবেন।

প্রতিবেদনের লেখকেরা উল্লেখ করেছেন, ইসরাইলের সবচেয়ে বিভাজন সৃষ্টিকারী রাজনৈতিক বিষয়গুলোর একটি হলো অতি-রক্ষণশীল ইহুদিদের বা আল্ট্রা-অর্থোডক্স ইসরাইলিদের দীর্ঘদিনের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে অব্যাহতি।

এই বিরোধ নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে গভীর বিভাজন প্রকাশ করেছে এবং দুই অতি-রক্ষণশীল দল—ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ও শাস—তার সমর্থনে থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দল দুটি নেতানিয়াহুর সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র।

ইসরাইলের গাজায় গণহত্যা এবং লেবানন, সিরিয়া ও ইরানে যুদ্ধের জন্য কয়েক লাখ রিজার্ভ সেনাকে দায়িত্বে নেওয়া হলেও অতি-রক্ষণশীল পুরুষদের ঐতিহাসিকভাবে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় পেয়ে আসছেন। এর ফলে তারা ইয়েশিভায় পূর্ণকালীন ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারেন। এই ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিতর্কিত। তবে যুদ্ধের কারণে এই অব্যাহতি বন্ধের চাপ আরো বেড়েছে।

অতি-রক্ষণশীলদের সামরিক বাহিনীতে নিয়োগ নিয়ন্ত্রণে আইন পাস করতে নেতানিয়াহুর জোট বারবার ব্যর্থ হয়েছে। এর ফলে সামরিক সেবা এড়িয়ে যাওয়ার অভিযোগে কয়েক ডজন তরুণকে আটক করা হয়েছে এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ও শাসের সমর্থনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেসামরিক জীবনে ফিরে আসার চেষ্টাকারী ভারী অস্ত্রে সজ্জিত দশ হাজারেরও বেশি সাবেক সেনাসদস্যও ইসরাইলের জন্য একটি চ্যালেঞ্জ। ইসরাইলি রিজার্ভ সেনারা নিজেদের বাড়িতে অস্ত্র রাখতে পারেন এবং দেশটিতে জনসম্মুখে অ্যাসল্ট রাইফেল বহন করা সাধারণ বিষয়। ইসরাইলে অস্থিতিশীলতা তৈরির আরেকটি কারণ হতে পারে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতিস্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি। এর সঙ্গে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এবং সামরিক ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টিও রয়েছে।

ড্রপ সাইট নিউজ জানিয়েছে, সিআইএর প্রতিবেদনটি সংস্থাটির রেড সেল তৈরি করেছে। এটি সংস্থাটির একটি আধা-স্বাধীন ইউনিট, যার বিশেষ উদ্দেশ্য হলো প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা এবং ভিন্নমুখী ধারণা উপস্থাপন করা।

প্রতিবেদনটি এমন একটি নির্বাচনের আগে তৈরি হওয়া চাপের ওপর গুরুত্ব দিয়েছে, যা বিশেষজ্ঞদের মতে কোনো চূড়ান্ত ফলাফল নাও দিতে পারে। ইসরাইলে জনমত জরিপগুলো বলছে, নেতানিয়াহু কিংবা তার বিরোধী জোট—কোনোটিই পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নাও পেতে পারে।

লেখকেরা আরো বিশ্লেষণ করেছেন, কীভাবে এসব চাপ গৃহসংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে বিদেশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলো ইসরাইলে তাদের বিনিয়োগ সীমিত করলে ও নিয়োগ কমিয়ে দিলে। আরেকটি কারণ হতে পারে আঞ্চলিক সরকারগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার বা বিদ্যমান সম্পর্ক বজায় না রাখার সিদ্ধান্ত নিলে।

প্রতিবেদনটিতে ইসরাইলিদের মধ্যকার বিভাজনের ওপরই মূলত গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যকার উত্তেজনা বিবেচনায় নেওয়া হয়নি। দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশ ফিলিস্তিনি নাগরিক এবং তারা বৈষম্যের মুখোমুখি হন।

শুক্রবার ইসরাইলি নাগরিকত্বধারী এক ফিলিস্তিনি রাজনীতিক আসন্ন পার্লামেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান। ইসরাইলের সুপ্রিম কোর্ট তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে অযোগ্য ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত দেওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন। আদালত ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের চারটি রাজনৈতিক দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...