জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক পদে পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেছেন সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
গত এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত জাতীয় যোগ্যতা পরীক্ষার দুই ধাপেই প্রথম স্থান অর্জন করেন ওই পরীক্ষার্থী।
তবে পরে আইনজীবীর মাধ্যমে লিখিত স্বীকারোক্তি দিয়ে তিনি জানান, পরীক্ষার সময় উত্তর সংগ্রহ করতে এআই ব্যবহার করেছিলেন।
প্রথম ধাপের পরীক্ষায় ৪০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫ নম্বর। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল করেছিলেন তিনি। তার এমন অসাধারণ ফলের পর স্মার্ট চশমা ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে। শুরুতে অবশ্য তিনি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন।
সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানায়, ‘কর হিসাবরক্ষক পরীক্ষায় জালিয়াতির বিষয়ে আজ সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে আমরা একটি লিখিত স্বীকারোক্তি পেয়েছি।’
বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির অর্থ মন্ত্রণালয় ওই পরীক্ষার্থীর পেশাগত যোগ্যতা স্থগিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
তার আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে পরীক্ষার্থী নিজেই জালিয়াতির কথা স্বীকার করেন। এ কাজের জন্য গভীর অনুশোচনাও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে তিনি বলেন, ‘আমি একটি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নগুলোর ছবি তুলেছি এবং সেগুলো এআইয়ের কাছে পাঠিয়েছি। এরপর স্মার্টফোনে পাওয়া উত্তরগুলো যাচাই করেছি।’
একই ধরনের জালিয়াতির পদ্ধতি অন্যরাও ব্যবহার করতে পারে—এমন আশঙ্কায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তার আইনজীবী।
ওই পরীক্ষার্থী জানান, চাকরি ছেড়ে নিজে ব্যবসা শুরু করার পর তিনি আর্থিক সংকটে পড়েছিলেন।
তিনি বলেন, ‘আমি অর্থ উপার্জন করতে চেয়েছিলাম। ভালো একটি চাকরি ছেড়ে দেওয়ার পর হতাশ হন মা-বাবা। এ বিষয়টি আমার খুব খারাপ লাগত।’
দক্ষিণ কোরিয়ার সরকারি সংস্থা হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডিকে) জাতীয় পর্যায়ের বিভিন্ন পেশাগত যোগ্যতা নির্ধারণী পরীক্ষা পরিচালনা করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই পরীক্ষার্থী যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন কক্ষে দুজন পরিদর্শক দায়িত্ব পালন করছিলেন।
এদিকে স্মার্ট চশমা ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সম্প্রতি নজরদারি ও অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার এইচআরডিকে জানায়, গত মাসে গ্যাস প্রকৌশলী সনদ পরীক্ষায় স্মার্ট চশমা পরে অংশ নেওয়া এক পরীক্ষার্থীকে শনাক্ত করেছে তাদের ‘এআই ইন্সপেক্টর’ বা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পরীক্ষক ব্যবস্থা।
এর আগে গত অক্টোবর মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ ধরনের ডিভাইস ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করা শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের পরিকল্পনার কথা জানিয়েছিল সরকার।
দক্ষিণ কোরিয়ার অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’ আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য এ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো অর্থনৈতিক ভবিষ্যৎ ও বিয়ের ক্ষেত্রে ভালো সম্ভাবনা তৈরির পথ হিসেবেও পরীক্ষাটিকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়।
সূত্র: বাসস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




