পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী আক্রান্ত হলে একে অপরের পাশে দাঁড়াবে দেশ দু’টি। সৌদি বিশেষজ্ঞদের পাশাপাশি গণমাধ্যমেও এ চুক্তির ভূয়সী প্রশংসা করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি কর্মকর্তা বলেন, ‘এই চুক্তিটি বছরের পর বছর ধরে চলা আলোচনার চূড়ান্ত পরিণতি। এটি নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয় বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং গভীর সহযোগিতার একটি প্রাতিষ্ঠানিক রূপ।’
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ব্যবহার অন্তর্ভুক্ত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি যা সকল সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে।’
‘যুবরাজ ও পাকিস্তানি প্রধানমন্ত্রীর কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর’ এই শিরোনামে সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন টাওয়ার সৌদি এবং পাকিস্তানি পতাকা দিয়ে সজ্জিত হয়েছে।
ওকাজ মুতেব আল আওয়াদের লেখা একটি কলাম প্রকাশ করেছে, যেখানে প্রতিরক্ষা চুক্তির ব্যাপক প্রশংসা করা হয়েছে।
কলামের শিরোনাম ছিল ‘ইসলামিক ফ্রন্টের ঐতিহাসিক দুর্গ: পাকিস্তানি পারমাণবিক প্রতিরক্ষার মাধ্যমে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ হলো’।
আওয়াদ বলেন, ‘এই চুক্তি দুই দেশের সম্পর্কের আরো গভীর এবং সুসংহত পর্যায়ের সূচনা করে।’ তিনি চুক্তিটিকে ‘আঞ্চলিক প্রতিরোধের পুনর্নির্ধারণ’ হিসেবে অভিহিত করেন।
এই সৌদি লেখক বলেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ যার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে এবং মুসলিম বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর মধ্যে একটি।
তিনি বলেন, এই চুক্তিটি দুই দেশের নিরাপত্তা ক্ষেত্রে ছাতা হিসেবে কাজ করবে। যা অভিযান পরিকল্পনা, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, যৌথ মহড়া, নৌ ও বিমান সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্প উন্নয়নকে অন্তর্ভুক্ত করে।
আওয়াদ আরো বলেন, ‘একটি দেশের ওপর যেকোনো আক্রমণ উভয় দেশের ওপর আক্রমণ’ হিসেবে গণ্য করার এই স্বীকৃতি উপসাগরীয় এবং মুসলিম বিশ্বকে রক্ষা করতে শক্তিশালী ভূমিকা পালন করবে।
ন্যাটো নীতি অনুসারে চুক্তি:
আল আরাবিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে রাজনৈতিক বিশ্লেষক মনিফ আম্মাশ আল-হারবি বলেছেন, প্রতিরক্ষা চুক্তিটিতে রিয়াদ এবং ইসলামাবাদ উভয়কেই তাদের পূর্ণ ক্ষমতা ব্যবহারের অনুমতি দেযো হয়েছে।
সৌদি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আল-হামাদ আল আরাবিয়াকে বলেন, ‘চুক্তিটিতে ন্যাটোর নীতি গ্রহণ করা হয়েছে, যেখানে একজনের ওপর আক্রমণ সকলের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়।’
পাকিস্তানি সংবাদপত্রগুলোতেও এই প্রতিরক্ষা চুক্তির ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে।
কাতারের রাজধানীতে ইসরাইলের হামলার এক সপ্তাহ পরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে হামাসের পাঁচ শান্তি আলোচক এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



