একের পর এক হামলা, ২৪ ঘণ্টায় ৮ বার সতর্কতা জারি সৌদির

একের পর এক হামলা, ২৪ ঘণ্টায় ৮ বার সতর্কতা জারি সৌদির
সৌদি আরব। ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ মোট ৮টি জনসাধারণের জন্য জরুরি সতর্কতা জারি করেছে।

তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সতর্কতাগুলো ছিল মূলত আগাম সতর্কবার্তা ও নিরাপত্তামূলক ব্যবস্থা। পরিস্থিতি পর্যালোচনার পর ‘বিপদ কেটে গেছে’ বলে নিশ্চিত হওয়ায় প্রতিটি সতর্কতাই কয়েক মিনিটের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা রিয়াদ অভিমুখে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে পাঠানো একটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে।

সংবাদমাধ্যম আলজাজিরার পর্যবেক্ষণে দেখা গেছে, শুক্রবার সৌদি স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট (জিএমটি ০৪টা ৩০ মিনিট) থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় এসব সতর্কতা জারি করা হয়।

এলাকাভিত্তিক সতর্কতার সংখ্যা হলো—

• জাজান প্রদেশ: ২টি

• নাজরান প্রদেশ: ২টি

• খামিস মুশাইত গভর্নরেট: ১টি

• রিয়াদ নগরী: ২টি

• সুলাইয়েল গভর্নরেট: ১টি

সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ৮টি জরুরি সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করে নেয় সৌদি কর্তৃপক্ষ।

এদিকে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আকাশসীমা ‘রণক্ষেত্র’ হিসেবে ব্যবহারের হুমকি দিয়েছে ইয়েমেনের হথিরা । একই সঙ্গে দেশটির বন্দর, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

শুক্রবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের দাবি, বন্দরটি ব্যবহার করে অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচার করা হচ্ছিল। তবে ইয়েমেনের তথ্যমন্ত্রী জানিয়েছেন, বন্দরটি সচল রয়েছে এবং পণ্য সরবরাহ অব্যাহত আছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...