কপের খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের প্রসঙ্গ বাদপড়ায় বিতর্ক

কপের খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের প্রসঙ্গ বাদপড়ায় বিতর্ক
ফাইল ছবি

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকারের দাবিতে একজোট হয়েছে ২০টির বেশি দেশ। সম্মেলনের সর্বশেষ খসড়া চুক্তি থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো কিংবা জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত উত্তরণের বিষয়টি বাদপড়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের প্রতিশ্রুতি নিয়েও দেখা দিয়েছে অচলাবস্থা।

গতকাল শুক্রবার সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে ২০টির বেশি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তাদের দাবি, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখতে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে চূড়ান্ত চুক্তিতে স্পষ্ট ও কার্যকর অঙ্গীকার থাকতে হবে। কপ৩১-এর আজ সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত খসড়া চুক্তি থেকে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত উত্তরণের আহ্বান এবং এ বিষয়ে রোডম্যাপ তৈরির প্রস্তাব বাদ দেওয়া হয়। এতে ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করেছে। পরিবেশবাদী সংগঠন ও জলবায়ু অধিকারকর্মীরাও খসড়াটির সমালোচনা করেছেন।

পানামার পরিবেশমন্ত্রী জুয়ান কার্লোস নাভারো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকলে তারা তা মেনে নেবেন না। আফ্রিকান গ্রুপ অব নেগোসিয়েটরস এবং ফ্রান্সসহ কয়েকটি দেশও বর্তমান খসড়াকে দুর্বল বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে সম্মেলনের আয়োজক তুরস্ক ও আলোচনার সহসভাপতি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে আগের সম্মেলনগুলোতে নেওয়া অঙ্গীকার বাস্তবায়নের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

জলবায়ু অর্থায়ন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়াতে ১২০ বিলিয়ন ডলারের যে তহবিলের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা চলছিল, সর্বশেষ খসড়া থেকে সেটিও বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর অর্থ পাওয়ার বিষয়টি আবারও অনিশ্চয়তায় পড়েছে।

কপ বয়কট নয় : জলবায়ু অধিকারকর্মী সোহান

জলবায়ু সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও কপ বয়কটের পক্ষে নন বাংলাদেশের তরুণ জলবায়ু অধিকারকর্মী ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান। তার মতে, জলবায়ু সম্মেলন থেকে বেরিয়ে যাওয়া নয়, বরং সম্মেলনের ভেতরে থেকেই জলবায়ু সংকটের জন্য দায়ী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

কপ৩১-এর ভেন্যুতে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সোহান বলেন, কপ কার্যকর ভূমিকা রাখতে পারছে নাÑএমন প্রশ্ন থেকে সম্মেলন বর্জনের আলোচনা সামনে এসেছে। কিন্তু বয়কট করলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি জানানোর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চটি হারিয়ে যাবে।

তিনি বলেন, গ্রেটা থুনবার্গ চার-পাঁচটি কপ বর্জন করেছিল। কিন্তু দিনশেষে সে কপেই এসেছে। কপে এসেই বলেছে, কপ ভণ্ড। অতএব আমাদের এ প্রক্রিয়া থেকে সরে যাওয়া যাবে না। কপের ভেন্যুতে এসেই বলতে হবে, পৃথিবী মরে যাচ্ছে। উন্নত রাষ্ট্রগুলো পৃথিবীকে হত্যা করছে।

সোহান আরো বলেন, ইউরোপ, আমেরিকা ও সৌদি আরবসহ তেলনির্ভর রাষ্ট্র, ভারত ও চীন নিজেদের উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জলবায়ু ন্যায়বিচারের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো।

জাতিসংঘের জলবায়ু আলোচনায় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বাধ্যবাধকতা ও শাস্তির ব্যবস্থা না থাকাকেও বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করেন তিনি।

এদিকে সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত খসড়া চুক্তিই চূড়ান্ত নয়। প্রায় ২০০টি দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা অব্যাহত থাকবে। প্রয়োজনে আলোচনা আজ শনিবার পর্যন্ত গড়াতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন