রোনালদোর পেনাল্টি মিসের রাতে আল নাসরের হার

রোনালদোর পেনাল্টি মিসের রাতে আল নাসরের হার

হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ ধাপ দূরে ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ব্যক্তিগত অর্জনের পথে এগোলেও দলকে জেতাতে পারলেন না পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে তাঁর দল আল নাসর। ম্যাচে গোল করলেও প্রথমার্ধে পেনাল্টি থেকে অন্য গোলটি করতে ব্যর্থ হয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

ম্যাচের ১৫ মিনিটেই জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত ভলিতে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে চলতি মৌসুমে ক্লাবের হয়ে নিজের দশম গোলটি করেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬-তে।

তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল আল নাসর। বক্সের ভেতর নাওয়াফ আল-বুশাইল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। স্পটকিক নিতে এগিয়ে যান রোনালদো। কিন্তু তাঁর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে দুটি পেনাল্টি নিয়েছেন তিনি, দুটিতেই ব্যর্থ হয়েছেন। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুই পেনাল্টিতে গোল করতে পারলেন না পর্তুগিজ তারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আল আহলি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যালেনো। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকেরা। পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি। চলতি মৌসুমে লিগে এটি তাঁর ১৪তম গোল। চার মিনিট পর রজার ইবানেজের গোলে ব্যবধান ৩-১ করে জয় নিশ্চিত করে আল আহলি।

এ হারে লিগে দ্বিতীয়বারের মতো পরাজয়ের স্বাদ পেল আল নাসর। পয়েন্ট তালিকার তিন নম্বরেই রয়েছে তারা। অন্যদিকে জয়ে চার পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন