উয়েফা নেশন্স লিগ

শেষ আটেই স্পেন-ফ্রান্স মহারণ

শেষ আটেই স্পেন-ফ্রান্স মহারণ

উয়েফা নেশন্স লিগের শিরোপার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। অর্থাৎ শেষ চারে ওঠার আগেই বিদায় নিতে হবে এই দুই দলের একটিকে। শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে বাকি তিনটি লড়াইও পেয়েছে আকর্ষণীয় সমীকরণ। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ইংল্যান্ড খেলবে নরওয়ের বিপক্ষে, আর জার্মানির সামনে বেলজিয়াম।

বিজ্ঞাপন

স্পেন-ফ্রান্স দ্বৈরথে বাড়তি উত্তাপ যোগাচ্ছে সাম্প্রতিক ইতিহাস। গত জুলাইয়ে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছিল স্পেন। পরে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপাও জেতে লামিনে ইয়ামালদের দল। এর আগে গত বছরের নেশন্স লিগের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার গোলবন্যার ম্যাচে ৫-৪ ব্যবধানে জিতেছিল স্পেন।

দুই দলের লড়াইয়ের প্রথম লেগ হবে স্পেনের মাঠে। আগামী বছরের মার্চের শেষ দিকে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। গ্রুপ এ৩-এর রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে স্পেন। অন্যদিকে গ্রুপ এ১-এর শীর্ষস্থান নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। স্পেন সর্বশেষ ২০২৩ সালে নেশন্স লিগের শিরোপা জিতেছিল। ২০২১ আসরের চ্যাম্পিয়ন ছিল ফ্রান্স।

অন্যদিকে, নরওয়ের বিপক্ষে পরীক্ষায় নামতে হবে ইংল্যান্ডকে। স্পেনের মাঠে নিজেদের শেষ ম্যাচ জিতে গোল পার্থক্যে গ্রুপ এ৩-এর শীর্ষে উঠে এসেছে ইংলিশরা। ফলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে হবে নরওয়ের মাঠে। সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় তারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের সামনে নেদারল্যান্ডস। আরেক কোয়ার্টার ফাইনালে জার্মানি ও বেলজিয়ামের লড়াই। দুই লেগ মিলিয়ে জয়ী চার দল জায়গা করে নেবে জুনের চূড়ান্ত পর্বে। যদিও সেই পর্বের আয়োজক ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।

সেমিফাইনালের সম্ভাব্য সমীকরণও তৈরি হয়ে গেছে। স্পেন-ফ্রান্স লড়াইয়ের জয়ী দল মুখোমুখি হবে পর্তুগাল-নেদারল্যান্ডস ম্যাচের বিজয়ীর। অন্যদিকে ইংল্যান্ড-নরওয়ে লড়াই পেরিয়ে আসা দল খেলবে জার্মানি-বেলজিয়াম ম্যাচের জয়ীর বিপক্ষে। ফলে ফাইনালের পথে ইউরোপের ফুটবল পরাশক্তিদের কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন