ইনফান্তিনোর সামনে দুই প্রতিদ্বন্দ্বী দিয়ালো ও তাশিমা

ইনফান্তিনোর সামনে দুই প্রতিদ্বন্দ্বী দিয়ালো ও তাশিমা

ফিফার প্রেসিডেন্ট পদে জিয়ান্নি ইনফান্তিনোর একচ্ছত্র আধিপত্যে এবার চ্যালেঞ্জ ছুড়েছেন দুজন। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ্পে দিয়ালো ও জাপানের কোজো তাশিমা আগামী বছরের নির্বাচনে লড়তে যাচ্ছেন। বৃহস্পতিবার ফিফা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়ন নিশ্চিত করেছে। ফলে টানা চতুর্থবার সভাপতি হওয়ার পথে ইনফান্তিনোকে এবার প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফার দায়িত্ব নেন ইনফান্তিনো। প্রথম নির্বাচনে চারজনের সঙ্গে লড়তে হলেও পরের দুই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তাঁর কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য, রাজনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বোলোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। উয়েফাসহ বিভিন্ন সংস্থার আপত্তির পর বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় ফিফাকে।

এই পরিস্থিতিতে ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ানো দিয়ালো ফরাসি ফুটবল প্রশাসনের পরিচিত মুখ। একসময় নঁতের অ্যাকাডেমিতে খেলেছেন তিনি। ১৯৯২ সাল থেকে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত। দুই দশকেরও বেশি সময় ধরে ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্যারিসে মনোনয়ন ঘোষণার সময় দিয়ালো জানান, অন্য মহাদেশগুলো থেকেও তিনি জোরালো সমর্থনের ইঙ্গিত পেয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে উয়েফা থেকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডেভি হিউইট।

অন্যদিকে, ৬৮ বছর বয়সী কোজো তাশিমা জাপানের ফুটবল প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রথম জাপানি প্রার্থী তিনি। সাবেক এই ফুটবলার ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে জাপানের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে সেপ ব্লাটারের আমল থেকেই ফিফার রুলিং কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান।

নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাশিমা বলেছেন, বিষয়টি শুধু জয়-পরাজয়ের নয়; জাপানি ফুটবলে গড়ে ওঠা সততা, সুস্থতা ও ন্যায়পরায়ণতার মূল্যবোধ বিশ্বের সামনে তুলে ধরতে চান তিনি। তাঁর মতে, ফিফার এখন এসব মূল্যবোধ প্রয়োজন।

আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার ২১১ সদস্য ফেডারেশনের ভোটে নির্ধারিত হবে পরবর্তী সভাপতি। ইনফান্তিনোর দীর্ঘ শাসন অব্যাহত থাকবে, নাকি নতুন কেউ দায়িত্ব নেবেন—সেদিকেই এখন ফুটবল বিশ্বের নজর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন