লেবানন থেকে জাতিসংঘের শান্তিরক্ষী প্রত্যাহার নিয়ে প্রশ্ন ভ্যাটিকানের

লেবানন থেকে জাতিসংঘের শান্তিরক্ষী প্রত্যাহার নিয়ে প্রশ্ন ভ্যাটিকানের
আর্চবিশপ পল রিচার্ড গ্যালাঘার। ছবি: আলজাজিরা

লেবাননের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং দেশটির সরকারের নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন প্রত্যাহারের সিদ্ধান্তের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক আর্চবিশপ পল রিচার্ড গ্যালাঘার।

বিজ্ঞাপন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লেবাননে শান্তিরক্ষী মিশন শেষ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার সময় যথাযথ কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

তার মতে, লেবাননের দক্ষিণাঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং দেশটির সরকারের সামনে থাকা নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় নেওয়া জরুরি।

নেপলসে দেওয়া বক্তব্যে ভ্যাটিকানের রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক সচিব গ্যালাঘার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে তার আগের একটি আলোচনার কথা স্মরণ করেন। আউন তখন দেশটির সেনাপ্রধান ছিলেন। ওই সময় তিনি গ্যালাঘারকে বলেছিলেন, লেবাননের সেনাবাহিনীর পক্ষে এককভাবে দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সহযোগিতা প্রয়োজন।

গ্যালাঘার বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এখনো লেবানন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে অস্ত্রের ওপর একক নিয়ন্ত্রণ রাষ্ট্রেরই থাকা উচিত বলে তিনি উল্লেখ করেন।

লেবাননের প্রতি আরও বেশি মনোযোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের এই কূটনীতিক। তিনি বলেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য লেবানন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে খ্রিষ্টানদের উপস্থিতি অব্যাহত রাখার ক্ষেত্রেও দেশটির বিশেষ গুরুত্ব রয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন