স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আগামী ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হবে যে স্পেন পরিচালিত হয় দেশের অভ্যন্তর থেকেই; ওয়াশিংটন, তেল আবিব, বুয়েনস আয়ার্স কিংবা মস্কো থেকে নয়। আন্তর্জাতিক উগ্র ডানপন্থি শক্তির প্রভাব মোকাবিলায় তার সরকার দৃঢ় অবস্থান বজায় রাখবে বলেও অঙ্গীকার করেন তিনি।
শনিবার তারাগোনায় এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সানচেজ তার সরকারের পররাষ্ট্রনীতি এবং সামরিক ব্যয় বাড়ানোর বিরোধিতার পক্ষে যুক্তি তুলে ধরেন।
তিনি বলেন, ‘২৯ নভেম্বর আমরা ভোটের মাধ্যমে তাদের জানিয়ে দেব, স্পেন শাসিত হবে স্পেন থেকেই। ওয়াশিংটন থেকে নয়, তেল আবিব থেকে নয়, বুয়েনস আয়ার্স থেকে নয়, মস্কো থেকেও নয়—স্পেন থেকেই।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দেশকে আন্তর্জাতিক উগ্র ডানপন্থিদের কোনো ঘাঁটি কিংবা পশ্চাৎভূমিতে পরিণত হতে দেব না।’
সানচেজ ইরান যুদ্ধ এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে তার সরকারের অবস্থানের কথা তুলে ধরেন। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
আন্তর্জাতিক উগ্র ডানপন্থিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে সানচেজ বলেন, স্পেন এমন একটি ‘আলোকবর্তিকা’ হয়ে থাকবে, যা বিশ্বকে অনুপ্রাণিত করবে।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




