প্রথমবারের মতো কাবুল সফর করেছেন আফগানিস্তানে যুক্তরাজ্যের বিশেষ দূত রিচার্ড লিন্ডসে। সফরে আফগান কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন আফগান নাগরিকের সাথে বৈঠক করেন তিনি। খবর টোলো নিউজের।
সফরের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যুক্তরাজ্যের বিশেষ দূত হিসেবে কাবুল সফরে আফগান সরকারের মন্ত্রীসহ দেশটির সাধারণ নাগরিকদের সাথে দেখা হয়েছে। এসময় ইরান ও পাকিস্তান থেকে দেশে ফিরে আসা আফগানদের নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, ‘আফগানিস্তান কেবলমাত্র অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং সম্পৃক্ততার মাধ্যমেই এগিয়ে যাবে।’
এই সফরের প্রতিক্রিয়া জানিয়ে রাজনৈতিক বিশ্লেষক আহমদ খান আন্দার বলেন, ‘আফগানিস্তানকে অবশ্যই সকল প্রতিবেশী, আঞ্চলিক এবং বিশ্বশক্তির সঙ্গে তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে।’
যুক্তরাজ্যের বিশেষ দূতের সাম্প্রতিক মন্তব্য আফগানিস্তান এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
যুক্তরাজ্য আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি। তবে, সাহায্য সরবরাহ সহজতর করতে এবং অভিবাসন ও সন্ত্রাসবাদ-সম্পর্কিত সংকট মোকাবেলায় সীমিত সম্পৃক্ততার জন্য আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।
আরেক রাজনৈতিক বিশ্লেষক ফজল-উর-রহমান ওড়িয়া আশা প্রকাশ করে বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত হবে। ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোতেও এটি প্রভাব ফেলবে; কারণ তারা প্রায়ই যুক্তরাজ্যের নীতি অনুসরণ করে।’
আরেকজন বিশ্লেষক ইদ্রিস মোহাম্মদী জাজাইয়ের মতে, আফগানিস্তানের তালেবান সরকার বুঝতে পেরেছে, তাদের অবশ্যই পশ্চিমা দেশসহ সকল দেশের সঙ্গে সরাসরি এবং কাঠামোগত রাজনৈতিক, কৌশলগত এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



