ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, হুথিদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।
সোমবার সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, সরকারপন্থি সাউদার্ন জায়ান্টস ব্রিগেড ও নেশনস শিল্ড বাহিনী যৌথ অভিযানে বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক বিবৃতিতে আল-নুজাইলি আরো জানান, সরকারি বাহিনী ধুবাব বিমানবন্দরও দখলে নিয়েছে। ধুবাব ও মোখা শহরের মধ্যকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
তিনি বলেন, ধুবাব এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছেন শত শত হুথি যোদ্ধা । তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। পরে কিছু হুথি যোদ্ধা সমুদ্রপথে নৌকাযোগে পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
বাব এল-মান্দেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


