ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে দু’টি ফিলিস্তিনি অধিকার বিষয়ক সংগঠন। এসব নির্যাতনের মধ্যে রয়েছে জোরপূর্বক মদপান করানো এবং ফুটন্ত পানিতে পুড়িয়ে মারা। খবর মিডল ইস্ট মনিটরের।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে, ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এবং কমিশন অব ডিটেইনিস জানিয়েছে, তাদের আইনি টিম জুলাই মাসে কেৎজিওত, ওফের, এসডি তেইমান এবং রাশিয়ান কম্পাউন্ডসহ একাধিক ইসরাইলি কারাগার পরিদর্শনের সময় সাক্ষ্য সংগ্রহ করেছে।
এতে বলা হয়, ‘এই সাক্ষ্যগুলোতে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের সময় ভয়াবহ মাত্রায় নির্যাতনের প্রতিফলন ঘটেছে।’
বন্দিরা এখনো কারাগার এবং সামরিক শিবিরের ভেতরে চিকিৎসা সংক্রান্ত অপরাধ, ইচ্ছাকৃতভাবে অনাহার এবং পদ্ধতিগত নির্যাতনের শিকার হচ্ছেন।
কয়েকজন বিন্দ বলেছেন, তাদেরকে জোর করে মদ্যপান করানো হয়েছিল। মানসিক নির্যাতনের বর্ণনা দিয়ে আরেকজন বন্দি জানিয়েছেন, তাকে ইসরাইলি জিজ্ঞাসাবাদকারী বলেছিলেন, তার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছে; যা ছিল সম্পূর্ণ মিথ্যা।
অন্যান্য বিবরণের মধ্যে রয়েছে বিবস্র করে মারাত্মকভাবে মারধর, ফুটন্ত পানি দিয়ে পুড়িয়ে মারা এবং কুকুর দিয়ে আক্রমণ করা।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, নির্যাতনের ফলে অনেকে মারা গেছেন। আবারো অনেকের কোন খোঁজ জানে না পরিবার।
সংগঠন দু’টির অভিযোগ, এগুলো যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সমান। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে তদন্ত এবং ইসরাইলি কর্মকর্তাদের জবাবদিহিতায় আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



