আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে একথা জানান। গাজা যুদ্ধের অবসান ও সেখানে প্রায় দুই বছর ধরে আটক থাকা জিম্মিদের মুক্ত করতে ওয়াশিংটন যে প্রচেষ্টা চালাচ্ছে, এই সফর তারই অংশ।

এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রচেষ্টা এবং প্রায় দুই বছর ধরে সেখানে আটকে থাকা জিম্মিদের মুক্ত করার প্রয়াসের মধ্যে এ সফর হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

আগামী ৭ জুলাইয়ের এই সফর হবে ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণের পর নেতানিয়াহুর তৃতীয় ওয়াশিংটন সফর। এটি এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন ইসরাইল ও ইরান ১২ দিনের বিমান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সফরের সময়সূচি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নেতানিয়াহু-ট্রাম্প বৈঠকে গাজা ও ইরান ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন আরেক মার্কিন কর্মকর্তা। তিনি বলেছেন, গাজা যুদ্ধের অবসান ও বাকি জিম্মিদের মুক্ত করতে ট্রাম্প দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া বৈঠকে সিরিয়ার বিষয়ও আলোচনায় আসবে।

গাজায় যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে নেতানিয়াহু সোমবার সন্ধ্যায় তার শীর্ষ সহযোগী এবং মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন। মঙ্গলবার একই বিষয়ে আবারো বৈঠক হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ইসরাইলের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে এবং গাজায় অবশিষ্ট ৫০ জন জিম্মিকে দেশে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি করার কথা বলছেন।

ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার বর্তমানে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে গাজায় ২০ মাস ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছেন তিনি।

ট্রাম্প সম্প্রতি এক সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি সম্পাদনের আশা প্রকাশ করেছেন। হামাস চূড়ান্ত যুদ্ধবিরতির দাবি জানালেও ইসরাইল সীমিত যুদ্ধবিরতির পক্ষে রয়েছে, যাতে প্রয়োজনে আবারও অভিযান চালানো যায়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, গাজা সংঘাতের অবসান ট্রাম্পের অগ্রাধিকার। তিনি বলেছেন, ‘ইসরাইল ও গাজা থেকে আসা ছবি দেখা সত্যিই মর্মান্তিক। প্রেসিডেন্ট এর অবসান চান। তিনি জীবন রক্ষা করতে চান।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন