পর্যটন খাতকে আরো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষে চার দেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা সহজ করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকেরা এখন থেকে ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন।
সৌদি আরবের পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে দেশ চারটির নাগরিকদের সৌদি আরবে ভ্রমণের জন্য আগের মতো দূতাবাসের মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হবে না। নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে অনলাইনে একাধিকবার প্রবেশের সুযোগসহ (মাল্টিপল-এন্ট্রি) ই-ভিসার আবেদন করতে পারবেন তারা। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দর বা অন্যান্য প্রবেশপথে পৌঁছানোর পরও ভিসা নেওয়ার সুযোগ থাকবে।
নতুন এই ভিসা ব্যবস্থায় পর্যটনের পাশাপাশি আরো কয়েকটি উদ্দেশ্যে সৌদি আরব সফর করা যাবে। এর আওতায় পবিত্র ওমরাহ পালন, আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশগ্রহণ এবং সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ভ্রমণকারীরা।
সৌদি আরবের এ উদ্যোগকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।
তবে নতুন ভিসা সুবিধার ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। সৌদি পর্যটন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, এ ধরনের ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে দেশটিতে কোনো ধরনের বেতনভুক্ত চাকরি বা কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না।
এ ভিসায় ওমরাহ পালনের অনুমতি থাকলেও সরকারি হজ মৌসুমে তা কার্যকর থাকবে না। অর্থাৎ হজের নির্ধারিত সময়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে ওমরাহ পালন করা যাবে না। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ সৌদি আরবে অবস্থান করলে দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী জরিমানার মুখে পড়তে পারেন।
সূত্র: আরব নিউজ
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


