সৌদি আরবে পবিত্র নগরী মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সকলেই বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।
সূত্র মতে, দূর্ঘটনায় নিহত সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
তবে চকরিয়া উপজেলা প্রশাসনও নিহতদের বিষয়ে বিস্তারিত জানতে পারছে না। প্রশাসন পরিচয় ও ঠিকানা খোঁজে বের করার চেষ্টা করছে।
ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যমতে, স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলম শাহ ও তার এক মাস বয়সী শিশুকন্যা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নিহতদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তবে উপজেলার কোন ইউনিয়নের কোন গ্রামে এবং তারা একই এলাকার কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর নিহতদের লাশ বর্তমানে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, তিনিও মিডিয়ায় বিষয়টি দেখেছেন। তবে অফিসিয়ালি এখনো জানেন না।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং লাশগুলো কবে নাগাদ দেশে পাঠানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। একাধিক সুত্র বলছে, সৌদিতে বাংলাদেশ কনস্যুলেট নিহতদের তথ্য নেওয়ার চেষ্টা করছে। তারা লাশগুলো দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা দেবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

