এআই চালিত সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়

এআই চালিত সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়
ছবি: রয়টার্স

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় হ্যাকারদের জন্য সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা ও কাজে লাগানো সহজ হচ্ছে। এ পরিস্থিতিতে অনলাইনে নিরাপদ থাকতে বিশেষজ্ঞরা পাঁচটি পরামর্শ দিয়েছেন।

১. একাধিক স্তরের নিরাপত্তা চালু করুন: প্রতিটি ওয়েবসাইটে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। পাশাপাশি দ্বিস্তরীয় বা বহুধাপের পরিচয় যাচাইকরণ (এমএফএ) চালু রাখুন। সম্ভব হলে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে পাসকি ব্যবহার করুন।

বিজ্ঞাপন

২. স্বয়ংক্রিয় আপডেট চালু রাখুন: ফোন, কম্পিউটার, রাউটার ও অন্যান্য ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রে স্বয়ংক্রিয় আপডেট চালু করুন। নিরাপত্তা ত্রুটি সংশোধনে প্রকাশিত আপডেট দ্রুত ইনস্টল করুন।

৩. সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করুন: ব্যবহৃত অ্যাপ ও ডিজিটাল সেবাগুলো নিয়মিত আপডেট করুন। স্মার্ট হোম ডিভাইসসহ যেসব যন্ত্রে নিরাপত্তা আপডেট কম আসে, সেগুলোর বিষয়েও সতর্ক থাকুন।

৪. প্রতারণামূলক লিংক থেকে সতর্ক থাকুন: বড় কোনো সাইবার হামলার খবর ছড়ালে প্রতারকেরা ভুয়া বার্তা দিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে পারে। অ্যাকাউন্ট সুরক্ষার নামে আসা অপরিচিত লিংকে ক্লিক না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করুন।

৫. অনলাইন লেনদেনে সতর্ক থাকুন: ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা তুলনামূলক শক্তিশালী হলেও অপরিচিত অনলাইন বিক্রেতা বা কম সুরক্ষিত ওয়েবসাইটে কেনাকাটার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। বিভিন্ন সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে নজর রাখুন।

ব্যক্তিগত সতর্কতা গুরুত্বপূর্ণ হলেও সব সাইবার ঝুঁকি ব্যবহারকারীর পক্ষে ঠেকানো সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দ্রুত নিরাপত্তা ত্রুটি সংশোধন, নিয়মিত সফটওয়্যার হালনাগাদ এবং আক্রান্ত সিস্টেমে অনুপ্রবেশ ঘটেছে কি না, তা যাচাই করা জরুরি।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন