মানুষ ও যন্ত্রের মধ্যকার সীমারেখা যখন আগের চেয়ে অনেক বেশি অস্পষ্ট হয়ে পড়েছে, তখন ‘মানুষ’ শব্দটিকেই ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে ক্যামব্রিজ ডিকশনারি। অভিধানটিতে ‘হিউম্যান’ শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে ‘দেবতা, প্রাণী কিংবা যন্ত্রের বিপরীতে মানুষের নিজস্ব গুণাবলি, ত্রুটি ও অনুভূতির অধিকারী হওয়া।’ এরমধ্য দিয়ে মূলত প্রাকৃতিক বুদ্ধিমত্তার পক্ষে অবস্থান নিয়েছে কেমব্রিজ ডিকশনারি ।
তিন বছর আগে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যে অভাবনীয় অগ্রযাত্রা শুরু হয়েছে, তাতে মানুষের স্বরূপ ও মানবিকতার সংজ্ঞা নিয়ে প্রশ্ন আরো জটিল হয়ে উঠেছে। এমন এক বাস্তবতায় ‘মানুষ’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে একটি সুস্পষ্ট সীমারেখা টেনেছে অভিধানটি।
কেমব্রিজ ডিকশনারির প্রধান সম্পাদক কলিন ম্যাকিনটোশ বলেন, এআইয়ের বিস্তারের ফলে আগে যেসব কাজ কেবল মানুষের পক্ষেই করা সম্ভব বলে মনে করা হতো, সেগুলোর ক্ষেত্রে এখন স্পষ্ট করে ‘মানবিক’ বা ‘মানুষের তৈরি’ বলতে হচ্ছে।
তিনি জানান, ১৯০০ সালের পর থেকে ‘হিউম্যান’ শব্দটির ব্যবহার চার গুণ বেড়েছে। পাশাপাশি এআইয়ের তৈরি কাজ থেকে মানুষের সৃষ্টিকে আলাদা করতে ‘হিউম্যান-মেড’ ও ‘হিউম্যান-ড্রিভেন’-এর মতো যৌগিক শব্দের ব্যবহারও বাড়ছে।
এআইয়ের মাধ্যমে মানুষের কণ্ঠ ও ছবি অননুমোদিতভাবে ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী স্কারলেট জোহানসন ও অভিনেতা ম্যাথিউ ম্যাককনাহি। অন্যদিকে, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, মানুষের জীবন কতটা উন্নত করতে পারছে, তার ভিত্তিতেই এআইয়ের সাফল্য মূল্যায়ন করা উচিত।
এআইয়ের কারণে মানুষের কর্মসংস্থান ও সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে। বিল গেটস পরিচর্যার মতো কিছু পেশাকে মানুষের জন্য সংরক্ষিত রাখার পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে এআইয়ের কারণে চাকরি হারানো ব্যক্তিদের প্রশিক্ষণে অর্থায়নের জন্য রোবট কর আরোপের প্রস্তাবও দিয়েছেন তিনি।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানদর্শনবিষয়ক গবেষক টম ম্যাকক্লেল্যান্ড বলেন, এআইয়ের বিকাশের ফলে মানুষের মন ও কৃত্রিম বুদ্ধিমত্তার পার্থক্য, চেতনা, সৃজনশীলতা ও সহমর্মিতার মতো বিষয় নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এআই যেমন বৈষম্য বাড়ানোর ঝুঁকি তৈরি করছে, তেমনি তা দূর করার সম্ভাবনাও রাখে। ফলে প্রযুক্তির এই যুগে মানুষের স্বকীয়তা, পরিচয় ও মানবিক মূল্যবোধের গুরুত্ব নতুন করে সামনে আসছে।
সূত্র: বিবিসি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




